ইইউ তহবিলের অর্থ পরিশোধের চাপে লো পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা ও ইউরোপীয় পার্লামেন্টের মেম্বার (এমইপি) মারিন লোপেন ইইউ তহবিলের প্রায় তিন লাখ ইউরো অপচয় করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই অর্থ ফেরত দেওয়ার জন্য গত মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও তিনি তা করেননি। লো পেন বলেছেন, তাঁর সে রকম কোনো ইচ্ছা নেই।
ইউরোপীয় পার্লামেন্টের অভিযোগ অনুযায়ী, ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট দলের নেতা মারিন লো পেন প্যারিসে দলের প্রধান কার্যালয়ে এক সহযোগীকে ইইউ তহবিলের মোটা অঙ্কের অর্থ অবৈধভাবে দেন। তবে ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকা লো পেন নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেছেন।
ধারণা করা হচ্ছে, লো পেন ওই অর্থ ফেরত না দিলে ইউরোপীয় পার্লামেন্ট তাঁর বেতন-ভাতার প্রায় অর্ধেক কেটে নিতে পারে। এমনটা হলে সব মিলিয়ে প্রায় ১১ হাজার ইউরো লো পেনের হাতছাড়া হবে বলে মনে করছেন তাঁর বিরোধীরা।
আগামী এপ্রিল ও মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মারিন লো পেন কথা দিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ঠিক ব্রেক্সিটের মতো ইইউতে ফ্রান্সের থাকা না-থাকা ইস্যুতে একটি গণভোটের আয়োজন করবেন তিনি।