ইইউ ত্যাগ হবে বড় ধরনের জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল ফ্যালন
মাইকেল ফ্যালন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া হবে যুক্তরাজ্যের নিরাপত্তা প্রশ্নে একটি ‘বড় জুয়া’—দেশটির প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন গতকাল সোমবার এ মন্তব্য করেছেন। ইইউ সম্মেলনে গত শুক্রবার পাস হওয়া চুক্তি ব্রিটিশ পার্লামেন্টে ওঠার আগে প্রতিরক্ষামন্ত্রীর এ মন্তব্য এল। খবর এএফপি ও বিবিসির।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অনেক দেন-দরবার করে ওই সংস্কার প্রস্তাবের বিষয়ে ব্রাসেলস সম্মেলনে ইইউ নেতাদের রাজি করান। ক্যামেরনের যুক্তি, এটা ইউরোপের ২৮টি দেশের এই জোটে যুক্তরাজ্যকে ‘বিশেষ মর্যাদা’ দিয়েছে। সুতরাং, যুক্তরাজ্যের আগামী ২৩ জুনের গণভোটে ইইউর সদস্য হিসেবে যুক্তরাজ্যের থেকে যাওয়ার পক্ষেই ভোট দেওয়া উচিত।
তবে নিজ দল কনজারভেটিভ পার্টির ভেতর থেকেই প্রধানমন্ত্রী ক্যামেরন বড় চ্যালেঞ্জের মুখে রয়েছেন। বিশেষ করে লন্ডনের মেয়র বোরিস জনসনের নেতৃত্বে একটি পক্ষ ইইউর সদস্যপদ অব্যাহত রাখার বিরোধিতায় মাঠে নেমেছেন। এই পক্ষে কনজারভেটিভসহ সব রাজনৈতিক মতাদর্শের কিছু লোককে ভেড়াতে সক্ষম হয়েছেন তিনি। কনজারভেটিভ নেতা জনসন বলছেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ভেতরেই যুক্তরাজ্যের ‘বিশাল ভবিষ্যৎ’ নিহিত রয়েছে।
ক্যামেরনের মন্ত্রিসভার পাঁচ সদস্য এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, তাঁরা ইইউতে না থাকার পক্ষে ভোট দিতে প্রচারণা চালাবেন। আর বিভিন্ন খবরে ইঙ্গিত মিলছে, তাঁর ৩৩০ জন আইনপ্রণেতার মধ্যে এক-তৃতীয়াংশ একই পথে হাঁটতে পারেন।
ব্রিটিশ পার্লামেন্টে গতকাল গ্রিনিচ মান সময় বেলা সাড়ে তিনটার দিকে ইইউ সম্মেলনে সম্পাদিত চুক্তিটি উত্থাপন করার কথা ছিল। প্রধানমন্ত্রী ক্যামেরন এ সময় আইনপ্রণেতাদের সামনে চুক্তির বিস্তারিত তুলে ধরবেন। এরপর এমপিদের বলবেন, এই চুক্তি যুক্তরাজ্যের সার্বভৌমত্বকে শক্তিশালী করেছে। এখন ইইউতে থেকে গেলেই যুক্তরাজ্য অধিকতর ‘নিরাপদ ও শক্তিশালী’ হবে।
ক্যামেরনের সেই বার্তার সঙ্গে সুর মিলিয়ে গতকাল তাঁর প্রতিরক্ষামন্ত্রী ফ্যালন রেডিও ফোর টুডেকে বলেন, যুক্তরাজ্য ইইউ, ন্যাটো ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে থাকার মাধ্যমে উপকৃত হয়েছে। এখন রাশিয়ার আগ্রাসন বা সন্ত্রাসবাদের মতো সমস্যা রুখতে হলে ইইউর পুরো ভর যুক্তরাজ্যের পাল্লায় রাখা জরুরি।
অবশ্য, ইইউ থেকে বেরিয়ে গেলে যুক্তরাজ্য টিকে থাকতে পারবে না, এমন কথা বলেননি প্রতিরক্ষামন্ত্রী। তবে তিনি বলেন, ইইউ ছাড়ার মাধ্যমে অনিশ্চিত এক ভবিষ্যতে পা রাখার মতো বড় জুয়ায় নাম লেখানো ঠিক হবে কি না, সে সিদ্ধান্ত নেবে ব্রিটিশ জনগণই।