যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থেকে যাওয়ার পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন। কিন্তু তাঁর দল কনজারভেটিভ পার্টির দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতা (এমপি) চান, যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাক। দলের একাধিক সূত্র এ তথ্য দিয়েছে। ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের সূত্রগুলো বলছে, দলটির ৩৩০ জন এমপির প্রকাশ্য বিবৃতি এবং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, অন্তত ২১০ জন মনে করেন, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়াটাই ভালো হবে। এই এমপিরা ইইউতে থাকা না থাকা নিয়ে প্রস্তাবিত গণভোটে জনমতের ওপর প্রভাব ফেলতে পারেন। তবে কনজারভেটিভ পার্টির ব্যবস্থাপকেরা বলছেন, গণভোটের প্রচারে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে থাকতে পারেন, এমন এমপির সংখ্যা আরও কম হবে (প্রায় ১১০ জন)।কনজারভেটিভ পার্টির একজন জ্যেষ্ঠ নেতা গার্ডিয়ানকে বলেন, পরিস্থিতি খুব কঠিন হলে এমপিরা প্রধানমন্ত্রীর থেকে ভিন্ন অবস্থানে যেতে আগ্রহী হবেন না। এ রকম বিতর্কে ভুল অবস্থান নিয়ে নিজেদের পেশাগত ভবিষ্যতের ক্ষতি অনেকেই চাইবেন না।
দ্য গার্ডিয়ান