ইইউ পার্লামেন্টে রুশ রাষ্ট্রদূতের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ৮৯ জন নেতাকে রাশিয়া কালো তালিকাভুক্ত করায় পাল্টা ব্যবস্থা নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। এ পার্লামেন্টের প্রধান মার্টিন শুলজ প্রতিষ্ঠানটিতে রাশিয়ার রাষ্ট্রদূত এবং আরেকজন কূটনীতিকের অবাধ প্রবেশাধিকারে বিধিনিষেধ জারি করেছেন। খবর এএফপির।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ৮৯ জনের একটি রুশ কালো তালিকা প্রকাশিত হয় গত বৃহস্পতিবার। এই তালিকাভুক্ত সাবেক এবং বর্তমান পার্লামেন্ট সদস্যদের বেশির ভাগই ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রকাশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেছেন।
গত মঙ্গলবার মার্টিন শুলজের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ইউরোপীয় পার্লামেন্টের প্রধান পার্লামেন্টে রাশিয়ার রাষ্ট্রদূত এবং আরেকজনের অবাধে প্রবেশে বিধিনিষেধ জারি করেছেন। রাশিয়ার সরকার কালো তালিকা নিয়ে এখন পর্যন্ত ব্যাখ্যা না দেওয়ায় এই সিদ্ধান্ত যথার্থ বলেই মনে করছেন তিনি।
মার্টিন শুলজের বিবৃতিতে আরও বলা হয়, পার্লামেন্ট ইউরোপীয় ইউনিয়ন-রাশিয়ান সংসদীয় সহযোগিতা কমিটির কার্যক্রম স্থগিত করেছে। এছাড়া ইউরোপীয় পার্লামেন্টে রাশিয়ার আরও কিছু আইনপ্রণেতার প্রবেশাধিকারে বিধিনিষেধ জারির বিষয়টি বিবেচনা করছে।
গত রোববার ইউরোপীয় পার্লামেন্টের গ্রিন গ্রুপের সদস্যরা রাশিয়ার তৈরি করা কালো তালিকার বিষয়ে বিতর্ক আয়োজনের আহ্বান জানান।