ইইউ প্রশ্নে বিভক্ত বাংলাদেশিরাও
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্য থাকবে কি থাকবে না—সে প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছেন দেশটিতে বসবাসকারী বাংলাদেশিরাও। অভিবাসননীতির বৈষম্য আর ইইউ থেকে আসা অভিবাসীদের সঙ্গে নিজেদের প্রতিযোগিতার কথা বিবেচনা করে অনেকেই চাইছেন যুক্তরাজ্য ইইউ ছেড়ে আসুক। আর যাঁরা ইইউতে থাকার পক্ষে অবস্থান নিয়েছেন, তাঁদের যুক্তি, যুক্তরাজ্যের যেসব রাজনীতিক ইইউ ছেড়ে আসতে চাইছেন, তাঁরা কেউ অভিবাসীদের বন্ধু নন। ইইউর বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে যুক্ত ব্যক্তিরাও চাইছেন যুক্তরাজ্য ইইউর সঙ্গেই থাকুক।
২৩ জুন ইইউতে থাকা না-থাকা নিয়ে যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট সামনে রেখে বাংলাদেশিরাও পক্ষে-বিপক্ষে প্রচারে নেমেছেন। বিশেষ করে বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে কর্মী-সংকটের বিষয়টি জাতীয় পর্যায়ের বিতর্কে স্থান করে নিয়েছে।
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) প্রেসিডেন্ট পাশা খন্দকার প্রথম আলোকে বলেন, ইইউ থেকে অবাধে লোক আসছে। কিন্তু বাংলাদেশি রেস্তোরাঁগুলোর জন্য প্রয়োজনীয় দক্ষ লোক আনা যাচ্ছে না। ইইউ ত্যাগ করলে বৈষম্যমূলক এই অভিবাসননীতির অবসান ঘটানো যাবে।
কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির এমপি রুশনারা আলী বলছেন, ইইউ ত্যাগ করলে বাংলাদেশ থেকে লোক আনা বৃদ্ধি পাবে—এমনটি প্রত্যাশা করা ঠিক নয়। কেননা যেসব নেতা ইইউ ত্যাগের পক্ষে প্রচারে নেমেছেন, তাঁরা কেউ অভিবাসীদের বন্ধু নন। ইইউ ত্যাগ করলে বরং যুক্তরাজ্যে অভিবাসীদের মানবাধিকার, ধর্ম পালনের অধিকার, নিজ নিজ সংস্কৃতিচর্চার অধিকারের মতো বিষয়গুলো ঝুঁকিতে পড়বে। আর অর্থনীতি ভেঙে পড়লে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশিদের মতো অপেক্ষাকৃত দরিদ্র জনগোষ্ঠীর লোকেরা।
কেবল অভিবাসননীতির বৈষম্য নয়, ইইউ ত্যাগের পক্ষে আরও নানা যুক্তি আলোচিত হচ্ছে বাংলাদেশিদের মধ্যে। পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইট চ্যাপেল এলাকার ফেইথ নামের একটি ছাপাখানার স্বত্বাধিকারী মুসলেহ উদ্দিন আহমদ বলছেন, ইইউ থেকে অবাধে লোক আসা বন্ধ হলে ঘর-বাড়ির দাম কমবে, স্কুল কিংবা স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভিড় কমবে। এতে জীবনযাপন কিছুটা সহজ হবে বলে মনে করেন তিনি। ইইউ ত্যাগে তাঁর ব্যবসার কোনো তারতম্য ঘটবে না বলে মনে করেন তিনি।
তবে লন্ডনে বাংলাদেশি মালিকানাধীন পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান লন্ডন ট্রেডিশনের পরিচালক মামুন চৌধুরী মনে করেন, ইইউ ত্যাগ করলে তাঁর ব্যবসার জন্য সেটি সবচেয়ে বড় ক্ষতি হবে। কেননা তখন ইইউভুক্ত দেশগুলোতে পণ্যের আদান-প্রদান করতে হলে তাঁকে শুল্ক গুনতে হবে। এখন তিনি বিনা ভিসায় অবাধে ইইউর দেশগুলোতে যাতায়াত করতে পারছেন। কিন্তু ইইউ ত্যাগ করলে ভিসা নিয়েও তাঁকে বাড়তি ঝামেলায় পড়তে হবে। মামুন চৌধুরীর মতে, বাংলাদেশিদের মতো অপেক্ষাকৃত দরিদ্র দেশের মানুষের জন্য প্রয়োজন ভিসামুক্ত বিশ্ব। যাতে তাঁরা অবাধে নিজের ভাগ্যের সন্ধানে নামতে পারেন।
অন্যদিকে সালেহ আহমদ নামের একজন সাধারণ চাকরিজীবী বলেন, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ অন্যরা ইইউতে থাকার পক্ষে যুক্তি দেখাচ্ছেন, অভিবাসন দেশের অর্থনীতির জন্য ভালো। তাঁর প্রশ্ন যদি তা-ই হয়ে থাকে, তাহলে কেন ক্যামেরন সরকার বছরের পর বছর ধরে সরকারি কল্যাণ ব্যয়ে কাটছাঁট করছে? ইইউ ত্যাগ তাঁর মতো সাধারণ মানুষের জন্য মঙ্গল হবে বলে মনে করেন তিনি।
কিন্তু টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার পার্টির সাবেক কাউন্সিলর আবদাল উল্লাহ বলছেন, ইইউতে থাকার কারণে ভোগ করা সুবিধা নিয়ে খুব একটা ওয়াকিবহাল নন সাধারণ মানুষ। যে কারণে ইইউ অভিবাসীদের সঙ্গে চাকরি, আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিযোগিতার কথা চিন্তা করে তাঁরা ইইউ ত্যাগের পক্ষে অবস্থান নিয়েছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেসব বহুতল কাউন্সিল বাড়িতে থাকেন, ওই সব বাড়িতে একসময় লিফট ছিল না। কিন্তু ইইউর নির্দেশনার কারণে ওই সব বাড়িতে লিফট লাগানো হচ্ছে।
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পাশা খন্দকার দাবি করেন, ৮০ শতাংশ বাংলাদেশি ইইউ ত্যাগের পক্ষে। এই হিসেবের সঙ্গে একমত না হলেও আবদাল উল্লাহ স্বীকার করেন যে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশিই চাইছেন ইইউ ত্যাগ করতে। শুধু বাংলাদেশিরা নন, অন্যান্য অভিবাসী জনগোষ্ঠীরও সংখ্যাগরিষ্ঠ অংশ ইইউর বিপক্ষে বলে বিভিন্ন পরিসংখ্যানে দাবি করা হচ্ছে।
বাংলাদেশি বংশোদ্ভূত তিন এমপি রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক ইইউর পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে বলেন, ব্যক্তিস্বার্থ কিংবা কোনো সুনির্দিষ্ট খাতের লাভ-ক্ষতির হিসাব করে সিদ্ধান্ত নিলে দীর্ঘ মেয়াদে তা শুভ হবে না। জাতীয় স্বার্থ ও নিজেদের সার্বিক মঙ্গলের কথা চিন্তা করে ইইউতে থাকার পক্ষে ভোট দেওয়ার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তাঁরা।