ইইউ বিরোধিতার মূলে অভিবাসন
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পারস্পরিক বিবাদ ভুলে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে শান্তিপূর্ণ ইউরোপ গঠনের লক্ষ্যে যে রাষ্ট্র জোটের জন্ম, তারই পরিবর্তিত রূপ বর্তমান ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্বের বৃহত্তম এই রাষ্ট্র জোটের অন্যতম নীতি হলো সদস্য রাষ্ট্রগুলোর নিজস্ব পরিচয় ও ঐতিহ্য বজায় রেখে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অভিন্ন গন্তব্যে যাত্রা।
আর এই নীতির কেন্দ্রে রয়েছে পণ্য, পুঁজি আর শ্রম অর্থাৎ নাগরিকদের সদস্য রাষ্ট্রগুলোতে মুক্ত চলাচলের স্বাধীনতা। ২৮ দেশের এই জোটে নাগরিকদের অবাধ চলাচলের সুযোগ নিয়ে তুলনামূলক শক্তিশালী অর্থনীতি ও উন্নত জীবনমানের দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন অনেকে। আর এতেই ঘটেছে বিপত্তি।
ইইউতে থাকা না থাকা নিয়ে আগামী ২৩ জুন যুক্তরাজ্যে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে তার একক কারণ বলা যায় অভিবাসন। ১৯৭৩ সালে যুক্তরাজ্য তৎকালীন ইউরোপিয়ান কমিউনিটিতে (ইএ) যোগ দেয়। ১৯৭৫ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত এক গণভোটে ৬৭ শতাংশ মানুষ ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটিতে (ইইএ) থাকার পক্ষে রায় দেয়। এরপর থেকে সবকিছু ঠিকঠাকই চলছিল। ২০০৪ সালে পূর্ব ইউরোপের তুলনামূলক দুর্বল অর্থনীতির দেশ পোল্যান্ড, এস্তোনিয়া, সাইপ্রাস, লাটভিয়া, লিথুয়ানিয়ার মত দেশ ইইউতে যোগ দিলে যুক্তরাজ্যে অভিবাসীদের আগমন বাড়তে থাকে। ফলে ২০১০ সালের নির্বাচনে যুক্তরাজ্যে প্রধান ইস্যু হয়ে দাঁড়ায় অভিবাসন। মোট অভিবাসনের সংখ্যা (বছরে যে পরিমাণ মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করে আর যে পরিমাণ মানুষ যুক্তরাজ্য ছেড়ে যায় তার পার্থক্য বা নেট ইমিগ্রেশন) বছরে এক লাখের নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বে ক্ষমতায় আসে রক্ষণশীলরা। কঠিন সব শর্ত আরোপ করে ইইউর বাইরের দেশ থেকে আসা অভিবাসীদের আগমন ব্যাপকভাবে কমিয়ে আনতে সক্ষম হলেও বাড়তে থাকে ইইউ অভিবাসীদের সংখ্যা। এর মধ্যে ২০১৪ সালে যোগ হয় রোমানিয়া ও বুলগেরিয়ার মত অপেক্ষাকৃত দরিদ্র দেশের নাগরিকদের অবাধ আগমনের সুবিধা।
২০১৫ সালের নির্বাচনের আগে ইইউ অভিবাসীদের নিয়ে নানা ডামাডোলের মধ্যে, বিশেষ করে নিজ দলের মধ্যেই তীব্র অসন্তোষের কারণে ক্যামেরন পুনরায় প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে তিনি অভিবাসী নিয়ন্ত্রণে ইইউ চুক্তি নবায়ন করবেন এবং গণভোটের আয়োজন করে জনগণকে ইইউতে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবেন।
পুনরায় নির্বাচিত হয়ে ক্যামেরন ইইউ চুক্তিতে কিছু রদবদল করেছেন ঠিকই, কিন্তু ইইউ অভিবাসীদের অবাধ চলাচল ঠেকাতে কিছুই করতে পারেননি। কেননা, ইইউ নাগরিকদের সদস্য দেশগুলোতে অবাধে কর্ম ও বসতি গড়ার অধিকারে দর-কষাকষির সুযোগ নেই (নন নেগোসিয়েবল)। তবে ক্যামেরন দাবি করেন, ইইউ নাগরিকদের যুক্তরাজ্যে এসে রাষ্ট্রীয় কল্যাণ সুবিধাভোগের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আনতে সক্ষম হয়েছেন তিনি। জনগণকে ইইউতে থাকার পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি ২৩ জুন প্রতিশ্রুত গণভোটের ডাক দেন।
বর্তমানে যুক্তরাজ্যে মোট অভিবাসনের সংখ্যা তিন লাখের ওপরে বইছে। তবে সব সময় কেবল মোট অভিবাসন নিয়ে আলোচনা হলেও কী পরিমাণ লোক যুক্তরাজ্যে বসতি গড়েছে—সেই আলোচনা খুব একটা হয় না। এবার গণভোটকে সামনে দেশটির জাতীয় পরিসংখ্যানবিদ জন পুলিনজার অভিবাসনের একটি প্রকৃত চিত্র তুলে ধরেছেন। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এক এমপির প্রশ্নের জবাবে গত বুধবার তিনি জানান, ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এক দশকে ইইউভুক্ত দেশের ১৯ লাখ ৫৫ হাজার নাগরিক যুক্তরাজ্যে বসতি গড়েছে। ওই বছর রোমানিয়া ও বুলগেরিয়া যোগ দেওয়ার পর দ্রুত সেই সংখ্যা বর্তমানে ৩০ লাখের কোটা ছুঁয়েছে বলেও ধারণা। পুলিনজার আরও জানান, ২০১৪ সাল পর্যন্ত এক দশকে ইইউর বাইরের দেশ থেকে এসে বসতি গড়া লোকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫ লাখ।
এই গণভোটে ইইউ বিপক্ষ শক্তির সবচেয়ে বড় যুক্তি—ইইউতে থেকে যুক্তরাজ্যে অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণ সম্ভব নয়। ফলে যুক্তরাজ্যের হাসপাতাল, বিদ্যালয় কিংবা আবাসনে মানুষের যে বাড়তি চাপ সেটার সমাধানও সম্ভব নয়। এর বিপরীতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ শীর্ষ নেতারা ইইউতে থাকার পক্ষে নানা যুক্তি তুলে ধরেছেন ঠিকই, কিন্তু অভিবাসন নিয়ন্ত্রণের বিষয়ে কোনো সমাধান দিতে পারছেন না। অভিবাসন পরিস্থিতি নিয়ে তারা যে সন্তুষ্ট, তা নয়। কিন্তু বর্তমান বিশ্ব বাস্তবতায় ইইউ ছেড়ে আসার ক্ষতি নিয়ে তারা শঙ্কিত।
তাই যারা ইইউর পক্ষে প্রচার চালাচ্ছেন, তাদের কাছ থেকেই দাবি উঠেছে, ২৩ জুনের গণভোটে যুক্তরাজ্যের মানুষ ইইউতে থাকার পক্ষে রায় দিলেও যাতে অভিবাসন নিয়ে অসন্তোষের বিষয়টি মাথায় রাখেন ইইউ নেতারা। তাঁরা বলছেন, ইইউ টিকিয়ে রাখার জন্য অভিবাসন নিয়ন্ত্রণের বিষয়ে নতুন সমঝোতার বিকল্প নেই। কেননা শুধু যুক্তরাজ্য নয়, ইইউর অনেক দেশেই অভিবাসন বিরোধী মনোভাব দৃশ্যমান। বিশেষ করে ২০১৭ সালে জার্মান ও ফ্রান্সে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অভিবাসন সবচেয়ে বড় ইস্যু হিসেবে আবির্ভূত হতে পারে।