ইইউ শিশুর মা-বাবার বসবাসের অধিকার আছে: আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবা ইউরোপীয় ইউনিয়নের সদস্য কোনো দেশের নাগরিক না হলেও তাদের সন্তানের জন্য ওই মা-বাবার ইইউভুক্ত দেশে থাকার অধিকার রয়েছে। আজ বুধবার ইউরোপীয় শীর্ষ আদালত এই রায় দিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়। এ রায়ের ফলে ব্রেক্সিট নিয়ে আলোচনা আরও জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে।
ইউরোপীয় আদালতের বিচারপতি বলেন, জাতীয় আদালতকে শিশুদের কল্যাণের বিষয়ে মনোনিবেশ করতে হবে। ইইউর বাইরের মা-বাবার সঙ্গে সন্তানের বিচ্ছিন্নতার ঝুঁকিগুলো বিবেচনা করতে হবে, যাতে ভারসাম্য বজায় থাকে।

ইইউর দাবি, ব্রেক্সিট আলোচনার শুরুতেই যুক্তরাজ্যের ৩০ লাখের বেশি মানুষের অধিকার রক্ষার বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছাতে হবে। ব্রিটেনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইউরোপীয় কোর্ট অব জাস্টিসের বিশেষ ভূমিকা রয়েছে, বিশেষত মাইগ্রেশন বিষয়ে।

ভেনেজুয়েলার এক নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এমন রায় দিয়েছেন। ভেনেজুয়েলার ওই নারী পর্যটক হিসেবে নেদারল্যান্ডসে প্রবেশ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে একজন ডাচ নাগরিকের সঙ্গে বিয়ে করেন এবং একটি সন্তানের জন্ম দেন। পরে তাঁদের বিচ্ছেদ ঘটলে ২০১১ সালে তিনি জার্মানিতে চলে যান। তখন তিনি চাভেজ-ভিলশেজ নামে নিজের পরিচয় দেন এবং তার সন্তানের লালনপালনের দায়ভার একাই বহন করেন।

নেদারল্যান্ডসে বসবাসের অধিকার না থাকায়, সামাজিক কল্যাণ ও সন্তানের জন্য প্রাপ্য সুবিধার জন্য করা তাঁর আবেদন প্রত্যাখ্যান করে দেশটির কর্তৃপক্ষ। এক বিবৃতিতে লুক্সেমবার্গভিত্তিক ইসিজে বলেছে, চাভেজ-ভিলশেজের বসবাসের অধিকার না দেওয়া ডাচ আদালতের সিদ্ধান্ত ছিল। কিন্তু যদি ডাচ আদালত আদেশ দেন যে তার এই অধিকার নেই, তাহলে ইইউর সঙ্গে চুক্তির অনুচ্ছেদ-২০-এর আলোকে তার পরিস্থিতি এবং সন্তানের বিষয়ে আবেদন করা উচিত।