ইইউকে চাপ দেবেন না
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) প্রক্রিয়ার শুরুতেই পাল্টাপাল্টি হুঁশিয়ারির কারণে তা সুষ্ঠুভাবে হওয়া নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত বুধবার লিসবন চুক্তির অনুচ্ছেদ-৫০ (আর্টিক্যাল-ফিফটি) সক্রিয় করার মাধ্যমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে এর সূচনা করেন।
থেরেসা মে ইইউ জোটের নেতাদের প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন, ব্রেক্সিটের ব্যাপারে একটি সার্বিক চুক্তি সম্পাদনে ব্যর্থ হলে অপরাধ দমন ও নিরাপত্তা ইস্যুতে সহযোগিতার সম্পর্ক শিথিল হয়ে পড়বে। তাঁর এ হুঁশিয়ারিকে ‘ব্ল্যাকমেল’ হিসেবে দেখছে ইইউ। এ নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তারা।
থেরেসা মের সমালোচকেরা বলছেন, ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী ‘ভয়ংকর হুমকি’ দিয়েছেন। আলোচনায় তিনি নিরাপত্তা ইস্যুকে ‘দর-কষাকষির বিষয়ে’ পরিণত করছেন।
রক্ষণশীল নেতারা বলছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আসলে ইইউ জোটের সঙ্গে তাঁর দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে সহযোগিতার বিষয়ে জোর দিতেই ওই মন্তব্য করেছেন। তিনি আসলে সতর্ক করে দিতে চেয়েছেন যে আলোচনা ব্যর্থ হলে ইউরোপে ‘ভয়াবহ বিপর্যয়’ দেখা দিতে পারে।
চিঠিতে থেরেসা মে লিখেছিলেন, ‘যদি কোনো চুক্তি ছাড়াই আমরা ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করি, তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (বিশ্ব বাণিজ্য সংস্থা) শর্ত অনুযায়ী আমাদের বাণিজ্য পরিচালনা করতে হবে। নিরাপত্তা ইস্যুতে কোনো চুক্তিতে যেতে না পারার অর্থ হবে অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে সহযোগিতার ভিত্তিতে আমাদের লড়াই দুর্বল হয়ে পড়বে।’
ইউরোপীয় পার্লামেন্টে ব্রেক্সিটের সমন্বয়ক গাই ভারহফস্টাড প্রতিক্রিয়ায় বলেছেন, সামরিক ও গোয়েন্দা ক্ষেত্রে যুক্তরাজ্যের সক্ষমতাকে দেশটির সরকার দর-কষাকষির বিষয়ে পরিণত করার চেষ্টা করলে তা পার্লামেন্টের সদস্যরা (এমইপি) মেনে নেবেন না। সে ক্ষেত্রে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়টি জটিল হয়ে উঠতে পারে। ভারহফস্টাড বলেন, ‘আমি একজন নারীর প্রতি ভদ্র হওয়ার চেষ্টা করেছি, কাজেই আমি “ব্ল্যাকমেল”-এর মতো শব্দ ব্যবহারের চিন্তা করিনি।’ তিনি বলেন, ‘আমি মনে করি, জনগণের নিরাপত্তার বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ যে এর সঙ্গে অন্য কিছুর বিনিময় চলে না।’
ইউরোপীয় পার্লামেন্টের সমাজতান্ত্রিক ব্লকের নেতা জান্নি পিত্তেল্লা বলেন, ‘ব্রেক্সিট নিয়ে আলোচনায় জনগণের জীবন নিয়ে খেলা করাটা হবে ভয়ানক। থেরেসা মে মোটেই এ প্রক্রিয়ার ভালো সূচনা করতে পারেননি। তাঁর কথাগুলো ব্ল্যাকমেলের চেষ্টার মতোই মনে হয়েছে; জনগণের কল্যাণের জন্যই নিরাপত্তা, এটা কোনো দর-কষাকষির বিষয় হতে পারে না। আমরা আশা করছি, থেরেসা মে সঠিক পথে ফিরবেন।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অনুচ্ছেদ-৫০ সক্রিয় করার চিঠিতে সই করার পর ওই দিনই তা ইইউয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত টিম ব্যারো আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের হাতে পৌঁছে দেন। টাস্ক জোর দিয়ে বলেছেন, ইইউ-২৭-এর সঙ্গে ‘গভীর ও বিশেষ সম্পর্ক’ বজায় রাখার আকাঙ্ক্ষা আছে থেরেসা মের।
অনুচ্ছেদ-৫০ সক্রিয়করণের পরবর্তী পদক্ষেপ হিসেবে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের একটি শ্বেতপত্র প্রকাশের কথা ছিল, যাতে ‘গ্রেট রিপিল (মহা রদ) বিল’-এর মূল বিষয়গুলো থাকবে। এই বিলের মাধ্যমে ইইউ ব্যবস্থা থেকে বেরিয়ে যুক্তরাজ্যে ব্রিটিশ ব্যবস্থা চালু হবে।