ইইউকে হিটলারের সঙ্গে তুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিস জনসন
বরিস জনসন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জার্মানির বিংশ শতকের একনায়ক হিটলারের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন লন্ডনের সাবেক মেয়র ও ইইউবিরোধী নেতা বরিস জনসন।
যুক্তরাজ্যের সানডে টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বরিস জনসন বলেন, হিটলার আর ইইউর উদ্দেশ্য এক। উভয়েই ইউরোপকে একক নেতৃত্বের আওতায় আনতে চান। ইইউ হিটলারের মতো ইউরোপজুড়ে ‘সুপারস্টেট’ প্রতিষ্ঠা করতে চাইছে।
ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি বরিস জনসন। সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপের দুই হাজার বছরের ইতিহাসে এই অঞ্চলকে এক সরকারের অধীনে আনার অনেক চেষ্টা হয়েছে। নেপোলিয়ন, হিটলারসহ আরও অনেকে এ ধরনের চেষ্টা করেছিলেন। তবে এর পরিণতি হয়েছে করুণ। জনসন বলেন, এই প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে কারণ, ইউরোপে এমন কোনো একক কর্তৃত্ব নেই, যাকে সবাই শ্রদ্ধা করে। একক আনুগত্যের ধারণ ইউরোপে প্রতিষ্ঠিত হয়নি।
তবে বরিস জনসনের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তাঁর বিরোধীরা। তাঁর বক্তব্য নাকচ করে দিয়েছেন যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির পররাষ্ট্র-বিষয়ক মুখপাত্র হিলারি বেন।
ইইউতে থাকা না-থাকা প্রশ্নে আগামী ২৩ জুন যুক্তরাজ্যে গণভোট হবে। বিশ্লেষকেরা বলছেন, গণভোটে যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় পড়লে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগে বাধ্য হবেন। তখন বরিস জনসন তাঁর জায়গা নিতে পারেন।