ইইউতে কি থাকতে পারবে 'স্বাধীন' কাতালোনিয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট প্রেসিডেন্ট কার্লোস পুজেমন (ডানে) এবং ভাইস প্রেসিডেন্ট উড়িয়াল জুংকেরাস। গতকাল স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার পার্লামেন্ট অধিবেশন শুরুর আগে আঞ্চলিক সরকারের একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছেন l ছবি: রয়টার্স
কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট প্রেসিডেন্ট কার্লোস পুজেমন (ডানে) এবং ভাইস প্রেসিডেন্ট উড়িয়াল জুংকেরাস। গতকাল স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার পার্লামেন্ট অধিবেশন শুরুর আগে আঞ্চলিক সরকারের একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছেন l ছবি: রয়টার্স

স্পেন থেকে বেরিয়ে গেলেও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য থাকতে চায় দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া। কিন্তু বিতর্কিত গণভোটের পরিপ্রেক্ষিতে স্বাধীনতা ঘোষণা করলে ইইউয়ের সদস্যপদ কাতালোনিয়ার থাকবে কি না, তা নিশ্চিত নয়। এমনকি এ-ও নিশ্চিত নয়, তারা এই জোটে নতুন করে যোগ দিতে পারবে কি না।

স্পেন থেকে স্বাধীনতার প্রশ্নে ১ অক্টোবর কাতালোনিয়ায় অনুষ্ঠিত গণভোটে এর পক্ষে ৯০ শতাংশের বেশি ভোট পড়ে। কিন্তু স্পেনের সাংবিধানিক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই গণভোট অনুষ্ঠিত হয়। এ জন্য ইইউয়ের কাছে গণভোটে রায় অত্যন্ত ত্রুটিপূর্ণ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জাংকার বলেছেন, ব্রাসেলস স্বাধীনতার জন্য গণভোট কেবল তখনই মেনে নেবে, যখন স্পেনের সংবিধান মেনে তা করা হবে।

ইউরোপীয় আইনবিষয়ক বিশেষজ্ঞ জ্যঁ-ক্লদ পিরিস বলেন, স্পেনের সংবিধান ও আইন অমান্য করে কাতালোনিয়া নিজেদের স্বাধীন ঘোষণা করলে ইইউ সদস্যরা তাদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইবে না, এটাই স্বাভাবিক।

এ ছাড়া ইইউয়ের চুক্তিতে এটিও পরিষ্কার বলা নেই যে এর সদস্যরাষ্ট্রের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে তার ভাগ্যে কী হবে। কিন্তু ২০০৪ সাল থেকে কমিশন ‘প্রদি মতবাদ’ মেনে চলছে। রোমানো প্রদি হলেন ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট। তিনি ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত কমিশনের প্রেসিডেন্ট ছিলেন।

প্রদি মতবাদ অনুযায়ী, জোটের সদস্যরাষ্ট্রের কোনো অঞ্চল দেশ থেকে বিচ্ছিন্ন হলে স্বাভাবিকভাবে যেদিন তারা স্বাধীনতার ঘোষণা করবে, ওই দিনই তারা আর ইইউয়ের অংশীদার থাকবে না। ইউতে যোগ দিতে চাইলে নিয়ম মেনে তাদের এগোতে হবে। তবু বলকান রাষ্ট্র ও তুরস্ক যে পথে ইইউয়ের সদস্য হতে এগোচ্ছে, তার থেকে তা ভিন্ন হবে। কারণ, নতুন কোনো রাষ্ট্র ইইউতে যোগ দিতে চাইলে তাদের আইনকানুন ও বৈদেশিক নীতির পাশাপাশি মানবাধিকার পরিস্থিতিকে ইইউয়ের মানে উন্নীত করতে হয়।

এদিকে কাতালোনিয়া আবার ইইউয়ের সদস্যপদ দ্রুত প্রাপ্তির জন্য গত মাসে একটি আইন পাস করেছে। এতে বলা হয়েছে, কাতালোনিয়া ইইউয়ের সদস্য না থাকলেও জোটের সব আইনকানুন এতে বহাল থাকবে।

স্বাধীনতা আন্দোলনের ইস্যুতে কোনো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশকে ইইউ থেকে বের করে দেওয়া জোটের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে বলে বহু আগে মত দিয়েছিলেন সিনিয়র ফরাসি বিচারক ইভস গউনিন। এ ক্ষেত্রে তাঁর মত হলো, স্বাধীনতার আলোচনা ও ইইউয়ের সদস্যপদের দেনদরবার সমান তালে চালিয়ে যেতে হবে।

এদিকে, ইইউর সদস্যপদ প্রাপ্তি বিষয়ে কাতালানের জন্য কোনো নজির স্থাপন করতে পারেনি ২০১৪ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোট। কারণ, ওই গণভোটে যুক্তরাজ্যের বাধা ছিল না। হ্যাঁ ভোট এতে জয়যুক্তও হয়নি। ওই গণভোটের প্রাক্কালেও বিষয়টি সামনে এসেছিল—স্কটল্যান্ড স্বাধীন হলে কী করে ইইউর সদস্যপদ পাওয়া যাবে।