ইইউতে সংস্কার আনার জোরালো আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌথ সংবাদ সম্মেলনের পর হাস্যোজ্জ্বল জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এর আগে তাঁরা বার্লিনে ম্যার্কেলের দপ্তরে বৈঠক করেন l ছবি: রয়টার্স
যৌথ সংবাদ সম্মেলনের পর হাস্যোজ্জ্বল জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এর আগে তাঁরা বার্লিনে ম্যার্কেলের দপ্তরে বৈঠক করেন l ছবি: রয়টার্স

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সংস্কার আনতে নিজের পরিকল্পনায় সমর্থন পেতে জার্মানি, ফ্রান্সসহ চার দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
বৃহস্পতিবার থেকে টানা দুই দিনের ঝটিকা সফরে চার জোট নেতার মন জয়ের চেষ্টা করেন সদ্য পুনর্নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে অধিকতর সংহত ইউরোজোনের পক্ষে ফরাসি-জার্মান পরিকল্পনার বিপরীতে একটি অসম লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। খবর এএফপি ও রয়টার্সের।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের মধ্য দিয়ে গতকাল শুক্রবার দুই দিনের সফর শেষ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এটা ছিল ক্যামেরনের নির্বাচন-পরবর্তী প্রথম সফর। তাঁর সদ্য পুনর্নির্বাচিত সরকার যুক্তরাজ্যের ইইউতে থাকা না থাকা প্রশ্নে গণভোটের পথ প্রশস্ত করতে আইনি উদ্যোগ নিয়েছে। অঙ্গীকার অনুযায়ী, ২০১৭ সালের শেষ নাগাদ সেই গণভোটের আয়োজন করবে ক্যামেরন সরকার।
গণভোটের আগেই ইইউতে এমন একটি সংস্কার আনতে চান ক্যামেরন, যা দেখিয়ে তিনি দ্বিধাবিভক্ত ব্রিটিশ ভোটারদের মন জয় করতে পারবেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আগামী মাসে ব্রাসেলসে ইইউর একটি সম্মেলনের আগেই জোটের সব দেশ সফর করবেন। ওই বৈঠকে তাঁর সংস্কার প্রস্তাবটি নিয়ে বিশদ আলোচনা করবেন ইইউর নেতারা।
গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক শেষে ক্যামেরন একই দিন রাতে পৌঁছান ফ্রান্সে। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার আগে ক্যামেরন বলেন, ‘(ইইউর) এই স্থিতাবস্থা ভালো নয়। আমি মনে করি, এমন কিছু পরিবর্তন আছে, যা কেবল যুক্তরাজ্যের জন্যই নয়, ইউরোপের বাকি অংশের জন্যও উপকার বয়ে আনবে।’
ক্যামেরন আরও বলেন, ‘আমার অগ্রাধিকার হচ্ছে ইউরোপীয় ইউনিয়নকে অধিকতর প্রতিযোগিতামূলক করতে এবং এতে আমাদের সদস্যপদ নিয়ে ব্রিটিশ নাগরিকদের যেসব উদ্বেগ রয়েছে, তা প্রশমিত করতে ইইউতে সংস্কার আনা।’
ক্যামেরনের বক্তব্যের জবাবে ওলাঁদের কূটনৈতিক উত্তর, ‘ফ্রান্স চায় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে থেকে যাক। তবে ব্রিটিশ জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করতে সিদ্ধান্ত নেবে।...আমরা ডেভিড ক্যামেরনের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করব।’
প্যারিস থেকে গতকাল পোল্যান্ডে পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী। রাজধানী ওয়ারশে পোলিশ প্রধানমন্ত্রী ইভা কোপাজের সঙ্গে বৈঠক শেষে বার্লিনে উড়ে যান তিনি। সেখানে জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের সঙ্গে এক মধ্যাহ্নভোজে অংশ নেন ও আলোচনা করেন। ম্যার্কেল হতাশ করেননি ক্যামেরনকে। তাঁর ‘পরিষ্কার’ কথা, যুক্তরাজ্যের উচিত ইইউতে থেকে যাওয়া। বৈঠক শেষে জার্মান চ্যান্সেলর বলেছেন, ইইউ চুক্তিতে পরিবর্তন আনার বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। সংস্কার প্রশ্নে তিনি যুক্তরাজ্যের ‘গঠনমূলক অংশীদার’ হতে রাজি আছেন।
ক্যামেরন আগে বলেছিলেন, ইইউতে সংস্কার প্রশ্নে সমঝোতার ব্যাপারে তিনি ‘আত্মবিশ্বাসী’। তবে ‘পুরো পথজুড়ে প্রচুর কোলাহল, প্রচুর চড়াই-উতরাই’ প্রত্যক্ষ করতে হতে পারে।
ক্যামেরনের জন্য সমস্যা হচ্ছে, ইইউভুক্ত ১৯টি দেশের একক মুদ্রার ভবিষ্যৎ নিয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় একটি সম্মেলনে জার্মানি ও ফ্রান্স যে প্রস্তাব তুলছে, তাতে ইউরোজোনকে কেবল আরও সংহত করার কথাই বলা হয়নি। বর্তমানের ইইউ চুক্তিকে একেবারে অক্ষত রেখেই তা করার কথা বলা হয়েছে। আর ক্যামেরন সরকারের গণভোট আয়োজন নিয়ে ইউরোপ যে অস্বস্তিতে রয়েছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস। তিনি বৃহস্পতিবার বলেছেন, এমন গণভোট হবে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ এবং ‘নিতান্তই বিপজ্জনক’। যুক্তরাজ্যকে উদ্দেশ করে তিনি বলেন, ‘একটি ফুটবল ক্লাবে যোগ দিলেন। এরপর খেলতেও শুরু করলেন। ম্যাচের মাঝপথে এসে সিদ্ধান্ত নিয়ে ফেললেন এখন থেকে রাগবি খেলব। এমনটা আপনি করতে পারেন না।’