অভিবাসী ও শরণার্থী নেওয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যে বাধ্যতামূলক কোটা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল, তার বিপক্ষে হাঙ্গেরি গত রোববার গণভোটে রায় দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ভিক্তর ওরবান এ ঘোষণা দিয়েছেন। তবে ভোটার উপস্থিতি কম থাকায় এ গণভোট প্রশ্নবিদ্ধ হয়েছে।
ইইউর প্রস্তাবটি প্রত্যাখ্যানের জন্য ওরবানের সরকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল। যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের প্রায় ৯৮ শতাংশই সরকারের পক্ষে বা ইইউর কোটাপদ্ধতির বিপক্ষে অবস্থান নেন। অবশ্য ভোটারদের মাত্র ৪৩ শতাংশ এই গণভোটে অংশ নিয়েছেন। বৈধতার জন্য গণভোটে কমপক্ষে ৫০ শতাংশ ভোটারের উপস্থিতি প্রয়োজন হয়।
সরকারের একজন মুখপাত্র গণভোটের ফলাফলকে ‘রাজনৈতিক ও আইনিভাবে’ ঠিক বলে দাবি করলেও বিরোধীরা বলছেন, সরকার ইইউর প্রস্তাব প্রত্যাখ্যানের পক্ষে প্রয়োজনীয় সমর্থন পায়নি।
প্রধানমন্ত্রী ওরবান বলেন, ইইউর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হাঙ্গেরির গণভোটের ফলাফল বিবেচনায় নিতে হবে। আর কোটাপদ্ধতি প্রত্যাখ্যানের সিদ্ধান্তকে স্থায়ী রূপ দিতে তিনি হাঙ্গেরির সংবিধান পরিবর্তন করবেন।
ইইউর বিতর্কিত ওই পরিকল্পনা অনুযায়ী, ১ লাখ ৬০ হাজার অভিবাসী ও শরণার্থীকে জোটের অন্তর্ভুক্ত দেশগুলোয় ভাগাভাগি করে জায়গা দেওয়ার কথা রয়েছে। এতে হাঙ্গেরিকে ১ হাজার ২৯৪ জন আশ্রয়প্রার্থী নিতে হবে।
হাঙ্গেরির সরকারবিরোধী জোটের নেতা ফেরেন গিউরচাইন বলেন, বেশির ভাগ জনগণ সরকারের পক্ষে নেই। গণভোটে কম ভোটার উপস্থিতিই এটা প্রমাণ করে।
এ প্রসঙ্গে সরকারের একজন মুখপাত্র বলেন, ৫০ শতাংশ ভোটারের উপস্থিতি থাকলে ভালো হতো। কারণ, পার্লামেন্টের তখন সিদ্ধান্ত নেওয়ার বিকল্প থাকত না। কিন্তু পার্লামেন্ট এ বিষয়ে সরকারের সঙ্গেই আছে। তাই গণভোটের এ ফলাফল সরকারের জন্য জনসমর্থনেরই প্রমাণ দেয়।
গ্রিস ও ইতালির ওপর অভিবাসী ও শরণার্থীদের চাপ কমানোর লক্ষ্যেই ইইউ ওই প্রস্তাব দিয়েছিল।