ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান ইতালির মগেরিনি
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফেদেরিকা মগেরিনি ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধানের দায়িত্ব পেয়েছেন। খবর এএফপি ও বিবিসির।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর শীর্ষ সম্মেলন শেষে গত শনিবার নতুন দুই নেতার নাম ঘোষণা করা হয়। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট পদে প্রথম কোনো পূর্ব ইউরোপীয় নেতা হিসেবে নির্বাচিত হলেন মধ্য ডানপন্থী রাজনীতিক টাস্ক। তিনি রাশিয়ার কড়া সমালোচক হিসেবে পরিচিত। বিশ্লেষকেরা বলছেন, নতুন নেতৃত্বকে তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: ইউরোপের অর্থনৈতিক স্থবিরতা, ইউক্রেন পরিস্থিতি এবং ইইউতে যুক্তরাজ্যের অবস্থান।
ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট টাস্ক বলেন, তিনি এমন একটি দেশ থেকে ব্রাসেলসে এসেছেন, যেটি ইউরোপের তাৎপর্যে বিশ্বাস করে। কোনো ন্যায়সংগত ব্যক্তি যুক্তরাজ্যকে বাদ দিয়ে ইইউর কথা ভাবতে পারেন না। ইইউতে সংস্কারের ব্যাপারে লন্ডনের বিভিন্ন দাবি পূরণে সম্ভাব্য সব প্রচেষ্টার আশ্বাস দেন টাস্ক।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, নতুন দায়িত্বে টাস্কের নিয়োগ এবং তাঁর মন্তব্যে তিনি (ক্যামেরন) ‘আনন্দিত’।