ইইউর সমালোচনার কোনো ভিত্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিসেপ তাইয়িপ এরদোয়ান
রিসেপ তাইয়িপ এরদোয়ান

নেদারল্যান্ডসের সঙ্গে তুরস্কের কূটনৈতিক বিরোধ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যে সংযমের আহ্বান জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ইইউর এই ‘অদূরদর্শী বক্তব্যের’ কোনো মূল্য তুরস্কের কাছে নেই।
তুরস্কের সরকার নেদারল্যান্ডস, জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশে রাজনৈতিক প্রচার সভা করতে চেয়ে দেশগুলোর স্থানীয় কর্তৃপক্ষের বাধার মুখে পড়েছে। বিষয়টি নিয়ে বিশেষ করে নেদারল্যান্ডস ও জার্মানির সঙ্গে তুরস্কের তিক্ত কূটনৈতিক বিরোধ চলছে। তবে এ প্রসঙ্গে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি এবং কমিশনার জোহানেস হানের মন্তব্যকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় ‘অহেতুক’ বলে উড়িয়ে দিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের ক্ষমতা আরও পোক্ত করাসহ সংবিধানে কিছু পরিবর্তন আনার বিষয়ে এপ্রিল মাসে গণভোট হবে। এ ভোটের জন্য প্রবাসী তুর্কিদের মধ্যে প্রচার চালাতেই ইউরোপে সভা করতে চায় দেশটির সরকার।
আঙ্কারার অভিযোগ, পরিস্থিতি শান্ত করার চেষ্টার পরিবর্তে ইইউ জোট কূটনৈতিক চুক্তি ও নিয়ম লঙ্ঘনকারী দেশগুলোর পক্ষাবলম্বন করে ‘বিদেশিদের নিয়ে ভীতি এবং তুরস্কবিরোধী মনোভাবকে’ উসকে দিচ্ছে।
প্রবাসী ভোটারদের আকৃষ্ট করতে একজন তুর্কি মন্ত্রী গত শনিবার নেদারল্যান্ডসে সভা করতে গিয়েছিলেন। তবে তাঁকে বাধা দিয়ে পুলিশ জার্মান সীমান্তে পৌঁছে দেয়। প্রতিক্রিয়ায় এরদোয়ান নেদারল্যান্ডস সরকারের আচরণকে নাৎসিদের সঙ্গে তুলনা করেছিলেন। এরপর ইইউ তাঁকে ‘অসংযত বিবৃতি’ দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানায়। ইইউ বলছে, জার্মানি ও নেদারল্যান্ডস সভা করতে তুর্কিদের অনুমতি দেবে কি না, সে সিদ্ধান্ত তারাই নেবে।
নেদারল্যান্ডসের সরকার জনসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা ভঙ্গের ঝুঁকির কারণ দেখিয়ে তুর্কি নেতাদের সভা করতে দিচ্ছে না। ইইউর অন্য দুই দেশ জার্মানি ও অস্ট্রিয়া একই ধরনের সিদ্ধান্ত নিলেও ফ্রান্স কোনো বাধা দেয়নি।