ইইউর সামরিক শক্তি বৃদ্ধির আহ্বান ইয়ুঙ্কারের
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোকে নিজেদের সামরিক সহযোগিতা বাড়াতে হবে। সুরক্ষার জন্য তারা কেবল যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করতে পারে না। ইইউ কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ ইয়ুঙ্কার গতকাল শুক্রবার এ কথা বলেছেন।
প্রাগে প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে ইয়ুঙ্কার বলেন, ‘ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠতাকে ইউরোপীয়দের প্রচেষ্টা জোরদার করার বিরুদ্ধে অজুহাত হিসেবে ব্যবহারের সুযোগ আর নেই। মধ্যপ্রাচ্য, জলবায়ু পরিবর্তন এবং আমাদের বাণিজ্য চুক্তিগুলোর বিষয়ে নিজেদের স্বার্থ সুরক্ষার কোনো বিকল্প নেই।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয় এবং ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে (ব্রেক্সিট) গণভোটের রায়ের পরিপ্রেক্ষিতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গত মাসে বলেছিলেন, ইউরোপ এখন আর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ওপর পুরোপুরি ভরসা রাখতে পারে না।