ইইউয়ের নতুন সীমান্ত বাহিনীর পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শরণার্থীদের ক্রমবর্ধমান স্রোত সামলাতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর জন্য নতুন স্থলসীমান্ত ও উপকূলরক্ষী বাহিনী গঠনের একটি বিতর্কিত পরিকল্পনা শিগগিরই প্রকাশ করা হবে। ইউরোপীয় কমিশনের প্রস্তাব অনুযায়ী, সদস্যদেশগুলোর সীমান্ত দেখভালকারী বর্তমান সংস্থা ফ্রন্টেস্কের চেয়েও শক্তিশালী হবে ওই বাহিনী। খবর বিবিসির।
সীমান্ত নিয়ন্ত্রণ ও সন্ত্রাসবাদ মোকাবিলা—এ দুটি বিষয় এখন ইইউভুক্ত দেশগুলোর প্রধান বিবেচ্য বিষয়। আগামীকাল বৃহস্পতিবার থেকে ব্রাসেলসে ইইউয়ের নেতারা যে বৈঠকে বসছেন, সেখানে প্রধান আলোচ্য বিষয় থাকছে এ দুটিই। গত সপ্তাহে ইইউয়ের শরণার্থীবিষয়ক কমিশনার দিমিত্রিস আভরামোপুলাস বলেন, নতুন এই সীমান্তরক্ষী বাহিনীর প্রস্তাব একটি উচ্চাভিলাষী প্রকল্প। এটি সময়ের দাবি।
কমিশনার বলেন, নতুন বাহিনীর সদস্যসংখ্যা হবে প্রায় এক হাজার। যখন কোনো ইইউভুক্ত দেশ সীমান্ত রক্ষায় ব্যর্থ হবে, তখনই এই বাহিনী সেখানে যেতে পারবে।
তবে ইউরোপীয় কমিশনের ওই প্রস্তাবের বিরুদ্ধে সংস্থার দেশগুলোর কেউ কেউ আপত্তি তুলেছে। এ কারণে জাতীয় সার্বভৌমত্ব খর্ব হওয়ার আশঙ্কা করছে একাধিক দেশ। কমিশনের আরেকটি প্রস্তাব হলো সরাসরি আশ্রয়শিবির থেকে সিরিয়ার শরণার্থীদের তুরস্কে নিয়ে যাওয়া। এর ফলে ভয়ংকর সাগরপথ পাড়ি দিয়ে দেশত্যাগের প্রবণতা কমবে বলেও ধারণা কমিশনের।
নতুন বাহিনী গড়ার প্রস্তাবের বিরোধিতা করে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইটোল্ড ওয়াজিকাওস্কি বলেছেন, ‘একটি অগণতান্ত্রিক কাঠামোর ওপর ভিত্তি করে ওই বাহিনী গঠিত হবে। এর ওপর সদস্যরাষ্ট্রগুলোর কোনো নিয়ন্ত্রণ থাকবে না।’ তিনি বলেন, জরুরি হলো ফ্রন্টেস্ককে আরও শক্তিশালী করা। ইতিমধ্যে ফ্রন্টেস্ক ইউরোপে শরণার্থী প্রবেশের দ্বার গ্রিসে বাহিনী পাঠানোর প্রস্তুতি শুরু করেছে। এ বছর এই গ্রিসেই বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিয়ে আট লাখ শরণার্থী ঢুকেছে। এদের বেশির ভাগই এসেছে সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে।
ফ্রন্টেস্ক বলছে, তাদের কাজ হলো সীমান্ত নিয়ন্ত্রণে সহযোগিতা করা। তবে মোতায়েন করা সেনারা যে দেশের সীমান্তে পাঠানো হয়, তাদের নির্দেশ মেনে চলতে বাধ্য থাকে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, গ্রিসে তাদের সেনা মোতায়েনের ফলে স্থল ও উপকূলীয় সীমান্তে নজরদারি বাড়বে। এর ফলে শরণার্থীদের শনাক্ত করা এবং তাদের নিবন্ধন আরও সহজ হবে। এ বছর যেসব শরণার্থী গ্রিসে ঢুকেছে, তার মধ্যে প্রতি পাঁচজনের একজন সীমান্তরক্ষী বাহিনীর হিসাবে আছে। গ্রিসের সীমান্তের এই নাজুক অবস্থা ইইউভুক্ত দেশগুলোর মধ্যে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে। গত ১৩ নভেম্বর প্যারিসে জঙ্গি হামলার পর এটা চাউর হয়েছে যে হামলাকারী অন্তত দুজন জঙ্গি শরণার্থীর স্রোতের মধ্যে গ্রিস হয়ে ঢুকে পড়েছিল।