ইইউ-তুরস্ক চুক্তির বাস্তবায়ন কঠিন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের শরণার্থীর ঢল ঠেকাতে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তুরস্কের মধ্যে যে চুক্তি হয়েছে, গতকাল রোববার থেকে তার বাস্তবায়ন শুরু হয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী যেসব শরণার্থী গত শনিবার পর্যন্ত গ্রিসে এসেছে, তাদের তুরস্কে পাঠানো হবে। এদের মধ্যে যারা আশ্রয়ের প্রার্থনা করেনি বা যাদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তাদেরই পাঠানো হবে। এমন একজন আশ্রয়প্রার্থীর বিনিময়ে এখন তুরস্কের আশ্রয়শিবিরে থাকা সিরিয়ার একজন নাগরিককে ইইউভুক্ত দেশে গ্রহণ করা হবে।
তবে এই চুক্তি বাস্তবে কতটুকু কার্যকর হবে, তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ দেখা দিয়েছে। গ্রিস সরকার গতকাল বলেছে, ঠিক কাল থেকেই তারা এ চুক্তি বাস্তবায়ন করতে পারছে না। এ চুক্তির মূল লক্ষ্য যে দুর্গম নদীপথ পাড়ি দিয়ে শরণার্থীর ঢল আছড়ে পড়ছে, ইইউভুক্ত দেশগুলোকে সে পথে বাধা সৃষ্টি করা। এ ছাড়া মানব পাচারকারীদের তৎপরতা বন্ধ করা। তবে এই চুক্তির বিরোধিতা করেছে মানবাধিকার সংগঠনগুলো। চুক্তির বিরোধিতায় ইউরোপজুড়ে হয়েছে মিছিল-সমাবেশ।
নিরাপত্তা কর্মকর্তা, অভিবাসন বিশেষজ্ঞ, দোভাষীসহ প্রায় আড়াই হাজার বিশেষজ্ঞ এই চুক্তির বাস্তবায়নে সহযোগিতা করতে গ্রিসে যাওয়ার কথা ছিল গতকালই। এ ছাড়া ফ্রান্স ও জার্মানি চুক্তির বাস্তবায়ন দেখভাল করতে ৬০০ পুলিশ ও অভিবাসন বিশেষজ্ঞকে পাঠাতে চেয়েছিল। তবে গ্রিস সরকারের অভিবাসনবিষয়ক দপ্তরের মুখপাত্র জিওরগোস কিরিতসিস বলেন, এসব বিশেষজ্ঞের কেউ আসেননি। আর এ ধরনের একটি পরিকল্পনা এক দিনের মধ্যে বাস্তবায়ন সম্ভবও নয়।
গত শুক্রবারই ইজিয়ান সাগর পাড়ি দিয়ে দেড় হাজার শরণার্থী গ্রিসে পৌঁছায়। তুরস্কের আনাতোলিয়া বার্তা সংস্থা বলেছে, এই চুক্তি কার্যকরের কয়েক ঘণ্টা আগে তুরস্কের উপকূলে একটি চার মাসের শিশু নৌকা ডুবে মারা গেছে।
ইইউ-তুরস্কের চুক্তির দ্রুত বাস্তবায়ন যথেষ্ট কঠিন। কেননা হাজার হাজার শরণার্থীকে তথাকথিত নিরাপদ দেশ তুরস্কে ফেরত পাঠাতে হলে গ্রিসকে তার অভিবাসন নীতি পাল্টাতে হবে। এ ছাড়া জেনেভা কনভেনশন মানতে হলে তুরস্ককেও তাদের আইন পরিবর্তন করতে হবে। এই মুহূর্তে তুরস্ক শুধু ইউরোপের শরণার্থীদের স্বীকৃতি দেয়। সেখানে থাকা সিরিয়ার নাগরিকদের রয়েছে ‘বিশেষ মর্যাদা’। দেশটিতে যুদ্ধ চলার জন্যই এ মর্যাদা দেওয়া হচ্ছে তাদের। কিন্তু নৌকা করে পার হওয়া ইরাকি বা আফগানিস্তানের শরণার্থীদের স্বীকার করে না তুরস্ক। মোট শরণার্থীর মধ্যে এই দুই দেশের শরণার্থীর সংখ্যা ৪০ শতাংশ।