ইউক্রেন থেকে পিছু হটবেন পুতিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পশ্চিমা শক্তিকে বেশ দাপটের সঙ্গেই মোকাবিলা করে চলছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নব্বইয়ের দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার আর কোনো নেতা এভাবে পশ্চিমা বিশ্বকে চোখ রাঙাতে পারেননি। পারেননি তাদের মোকাবিলা করে নিজ দাবিতে অটল থাকতে।
কিন্তু ইউক্রেনের আকাশে গোলায় মালয়েশীয় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় পরিস্থিতি খানিকটা বদলে যাচ্ছে। রুশপন্থী বিদ্রোহীরা উড়োজাহাজটি ভূপাতিত করেছে—এমন অভিযোগ তুলে পশ্চিমা বিশ্ব অর্থনৈতিক অবরোধ আরোপ করাসহ পুতিনকে চেপে ধরতে চাইছে।
এখন প্রশ্ন হচ্ছে, ইউক্রেনের ‘ক্রিমিয়া’ ইস্যুতে ‘সফল’ পুতিন কী পারবেন তাঁকে চেপে ধরতে পশ্চিমাদের তৈরি চক্রব্যূহ ভেদ করতে? এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। 
প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ জুলাই ২৯৮ জন আরোহী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ১৭ ফ্লাইটটি ইউক্রেনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ওই ফ্লাইটে থাকা সবাই নিহত হন, এঁদের একটি বড় অংশ ছিলেন নেদারল্যান্ডসের নাগরিক। ইউক্রেনে রুশদের আধিপত্য বিস্তারের দাবিতে আন্দোলনরত রুশপন্থী বিদ্রোহীরা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে বলে পশ্চিমা বিশ্ব দাবি করেছে।

এই রুশপন্থীদের রাশিয়া মদদ দিচ্ছে বলে পশ্চিমাদের অভিযোগ। এই দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পুতিনকে বাগে পেয়ে বেশ উল্লসিত। তাঁকে ঘায়েল করে মোক্ষম জবাব দেওয়ার অপেক্ষায় তারা।

পুরো বিষয়টি বোঝার জন্য যেতে হবে খানিকটা পেছনে, যখন ক্রিমিয়া ইস্যুতে ইউক্রেনের রাজনীতি চরম উত্তপ্ত হয়ে ওঠে, তখন বেশ ঠান্ডা মাথায় ও কৌশলে পরিস্থিতি সামাল দিয়ে গণভোটের মাধ্যমে ক্রিমিয়াকে রাশিয়ার করে নেন পুতিন। যুক্তরাষ্ট্রসহ বিশ্ব মুরব্বিদের হম্বিতম্বির মুখেও এভাবে জয়ী হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব তখন থেকেই পুতিনের ওপর চটে আছে। অপেক্ষায় ছিল মোক্ষম সুযোগের। ইউক্রেনে বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় মনে হচ্ছে সে সুযোগ এসে গেছে তাদের হাতে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইইউ এককাট্টা হচ্ছে।

তবে এমন দাবি করেও পুতিন সহজে পার পাবেন না বলে মনে করেন রুশপন্থীদের অস্ত্রে বিমানটি ভূপাতিত হয়েছে বলে প্রমাণিত হলে পুতিনকে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট জোর গলায় দাবি করছেন, ইউক্রেনের ভূখণ্ডে যখন এ ঘটনা ঘটেছে, তখন সে দেশের সরকারকেই এর দায় নিতে হবে। রুশপন্থী বিদ্রোহীদের দোষারোপ করে কোনো লাভ নেই।

রাশিয়ার বর্ষীয়ান রাজনৈতিক বিশ্লেষক নিকোলাই এসভানিদেজ। আরেক রাজনৈতিক বিশ্লেষক আলেকজেন্দ্রার মোরোজোভও এমনটাই মনে করেন। তাঁর মতে, রুশপন্থী বিদ্রোহীদের কর্মকাণ্ডের কোনো দায় রাশিয়ার নয়, বিষয়টি বোঝানোর সুযোগ অনেক আগেই রাশিয়া হারিয়ে ফেলেছে।

আশার বিষয় হচ্ছে, এসব বিষয়ে রাশিয়ার মানুষের কাছে পুতিনের জনপ্রিয়তা কমেনি। বরং পশ্চিমাদের প্রতি তাদের বিরূপ মনোভাবই বাড়ছে। স্বতন্ত্র গবেষণাপ্রতিষ্ঠান লেভাদা সেন্টারের নতুন গবেষণায় দেখা গেছে, ইউক্রেনে সংঘাতের জন্য পশ্চিমাদের দায়ী করেছে ৬৪ শতাংশ রুশ। অর্থনৈতিক অবরোধ আরোপের যে হুমকি পশ্চিমারা দিচ্ছে, তা নিয়ে শঙ্কিত নয় রাশিয়ার ৬১ শতাংশ মানুষ। ইউক্রেন-সংকট নিয়ে রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবর বস্তুনিষ্ঠ বলে ৬৩ শতাংশ রুশ মনে করে।

লন্ডনভিত্তিক এক পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নিকোলাস স্পিরো মনে করেন, রাশিয়ার ওপর অবরোধ আরোপ করলে পুতিনের পশ্চিমাবিরোধী মনোভাব আরও বাড়বে। যদিও পুতিন চান না ইউরোপের প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর সঙ্গে রাশিয়ার দূরত্ব বাড়ুক। তবে অর্থনৈতিক অবরোধ আরোপের মতো কঠিন সাজা দেওয়ার চেষ্টা করলে দমে যাবেন না পুতিন। ইউক্রেন ইস্যুর শেষ তিনি দেখে ছাড়বেন। পিঠটানের প্রশ্নই ওঠে না।

তবে রাশিয়ার ওপর অবরোধ আরোপ করা হলে দেশটি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে। এমনিতেই চলতি বছরের ছয় মাসে দেশটির কোনো আয় বাড়েনি। রাশিয়ার সবচেয়ে বড় তেল উত্তোলক প্রতিষ্ঠান রোসনেফট বিশ্বব্যাপী পরিচিত প্রতিষ্ঠান বিপির সঙ্গে ব্যবসা করে। রোসনেফটে বিপির বিনিয়োগ প্রায় ২০ শতাংশ। অর্থনৈতিক অবরোধের মুখে পড়লে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ভয় বা অন্য যেকোনো কারণেই হোক, এখন পর্যন্ত ব্যবসায়ীরা পুতিনের বিরুদ্ধে মুখ খুলছেন না। নিজেদের মতো করে দুর্দিনে ব্যবসা চালিয়ে নেওয়ার কৌশল বের করে রাখছেন।

পুতিনের এমন আচরণ ‘একরোখা’ বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। এঁদের মধ্যে আছেন পুতিনের একজন শুভাকাঙ্ক্ষী ও সাবেক অর্থমন্ত্রী অ্যালেক্সি কুদরিন। তাঁর মতে, পুতিনের এমন একরোখা আচরণ রাশিয়ার আধুনিকীকরণে বাধার সৃষ্টি করবে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর সামনে দুর্দিন আসছে বলেও তিনি সতর্ক করেন।

সবকিছু জেনে-বুঝেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন নিয়ে বাজি ধরেছেন বলে ধারণা করা হচ্ছে। কোনো হুমকি বা অবরোধ তাঁকে অবস্থা থেকে পিছুটান দিতে বাধ্য করতে পারবে না, পুতিনকে যাঁরা চেনেন, তাঁরা এমনটাই মনে করছেন।