ইউক্রেন নিয়ে আবার রাশিয়া ও মার্কিন উত্তেজনা
রাশিয়া পূর্ব ইউক্রেনের বিদ্রোহীদের দখলে থাকা এলাকায় আসন্ন ভোটের ফলকে সমর্থন করার যে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র তার সমালোচনা করেছে। ওয়াশিংটন বলেছে, রাশিয়াকে এ ধরনের পদক্ষেপ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। খবর এএফপি ও বিবিসির।
দোনেৎস্ক ও লুহানস্ক এলাকা নিয়ে স্বঘোষিত প্রজাতন্ত্রে আগামী রোববার ভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে রুশপন্থী বিদ্রোহীরা। এই ভোটের মাধ্যমে আঞ্চলিক নেতা ও পার্লামেন্ট নির্বাচিত করা হবে।
বেলারুশের রাজধানী মিনস্কে গত ৫ সেপ্টেম্বর সম্পাদিত চুক্তির আওতায় বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধবিরতি শুরু হলেও পরে অসংখ্যবার তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে ওই এলাকায় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা আসার পর রাশিয়া তাতে সমর্থন দেয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত মঙ্গলবার বলেন, ‘আমরা আশা করছি, আগের সমঝোতা অনুযায়ী দোনেৎস্ক ও লুহানস্কে ভোট প্রক্রিয়া এগিয়ে যাবে এবং তাতে যে ফল আসবে, তাকে অবশ্যই আমরা সমর্থন দেব।’
তবে কানাডায় একই দিন এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ‘মিনস্ক চুক্তিতে রাশিয়া ও বিদ্রোহীরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, এটা (ভোট) হবে তার সুস্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাকি অংশ এই তথাকথিত বিচ্ছিন্নতাবাদী নির্বাচনকে স্বীকৃতি দেবে না, যদি না এটা বিশেষ মর্যাদা আইনের কাঠামোয় অনুষ্ঠিত হয়।’
জোট সরকার গঠনের চেষ্টা: কিয়েভ পরিচালিত রোববারের নির্বাচনে মোট ভোটের মধ্যে ৯৩ শতাংশ গণনার পর দেখা গেছে, বর্তমান প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিউকের পিপলস ফ্রন্ট ২২ দশমিক ২১ শতাংশ এবং প্রেসিডেন্ট পোরোশেঙ্কোর জোট ২১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছে। একটি জোট সরকার গঠনের লক্ষ্যে আগামী সপ্তাহে আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন পোরোশেঙ্কো।