ইউক্রেন নিয়ে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বাদানুবাদ
ইউক্রেন সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবারের ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে। এদিকে ইউক্রেনের বিষয়ে নতুন করে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও। মঙ্গলবার ওই বৈঠক হবে বলে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর উভয় পক্ষই আলোচনাকে গুরুত্ব দিচ্ছে। রাশিয়া ঘোষণা দিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ টেলিফোনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে কথা বলবেন। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, টেলিফোনে ওই আলোচনা হবে মঙ্গলবার।
সম্প্রতি ইউক্রেনের পূর্ব সীমান্তে বিপুলসংখ্যক রুশ সেনা মোতায়েন নিয়ে মস্কোর সঙ্গে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। কিয়েভ ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মস্কো। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করে আসছে। চলমান এই উত্তেজনার মধ্যেই নিরাপত্তা পরিষদে বৈঠক আহ্বান করে যুক্তরাষ্ট্র।
এএফপির খবরে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের ওই বৈঠকটি খুবই উত্তপ্ত হতে যাচ্ছে, এমন ধারণা আগে থেকেই পাওয়া যাচ্ছিল। সেটাই সত্যি হলো। বৈঠকে জাতিসংঘের মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, ‘ইউক্রেন সীমান্ত আগ্রাসনের হুমকি...উসকানিমূলক। কিন্তু এই উসকানি এসেছে রাশিয়া থেকে। এটা আমাদের বা নিরাপত্তা পরিষদের অন্য কোনো সদস্যদের থেকে আসেনি।’ তিনি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেন ও বেলারুশ সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন রেখেছে। ইউক্রেনে অভিযান চালানোর জন্যই তাদের এই প্রস্তুতি।
তবে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, ‘আমাদের পশ্চিমা সহকর্মীরা পরিস্থিতি ঘোলাটে করতেই এসব কথা বলছেন।’
এর আগে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের আহ্বানে ডাকা ওই বৈঠকে কোনো প্রস্তাব উঠলে তা আটকানোর চেষ্টা করবে রাশিয়া। তবে নিরাপত্তা পরিষদ ঐক্যবদ্ধই রয়েছে। তিনি আরও বলেন, বসে বসে দেখা ও অপেক্ষার সময় এটি নয়। এখন নিরাপত্তা পরিষদের পূর্ণ মনোযোগ দরকার। সোমবার তাঁরা খোলামেলা ও ফলপ্রসূ আলোচনার আশা করছেন।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের একটি রাশিয়া। পরিষদে উত্থাপিত যেকোনো প্রস্তাবে ভেটো দেওয়ার অধিকার রয়েছে দেশটির। এ ছাড়া ১০টি অস্থায়ী সদস্য রয়েছে।
লিন্ডা মনে করেন, নিরাপত্তা পরিষদের আসন্ন বৈঠকের মধ্য দিয়ে রাশিয়ার কর্মকাণ্ডের কথা আরও বেশি করে তুলে ধরার সুযোগ পাওয়া যাবে। ইউক্রেন প্রশ্নে আগ্রাসী আচরণের জন্য ক্রেমলিনকে একঘরে করে দেওয়া যাবে। তিনি আরও বলেন, রাশিয়ার ভেটো ক্ষমতা থাকলেও নিরাপত্তা পরিষদে তারা একা বোধ করবে। তাঁরা রাশিয়ার বিরুদ্ধে ঐক্য দেখাতে পারবেন।
লিন্ডা বলেন, ‘আমার মনে হয় না নিরাপত্তা পরিষদে কোনো দেশ চুপচাপ বসে থাকবে, আর বলবে যে অন্য দেশে রাশিয়ার আক্রমণ করাটা ঠিক আছে।’