ইউক্রেন নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
ইউক্রেনে সহিংসতা বেড়ে যাওয়ায় এ নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে। গত শুক্রবার কূটনীতিকেরা জানান, লিথুয়ানিয়ার অনুরোধে আগামী বুধবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। খবর এএফপির।
পূর্ব ইউক্রেনে চলতি সপ্তাহে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার দোনেৎস্ক বিমানবন্দর এলাকায় রুশপন্থী বিদ্রোহী ও সরকারি সেনাদের সংঘর্ষের কারণে ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার পর্যবেক্ষকেরা ফিরে যেতে বাধ্য হন।
কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতি ও শুক্রবারের সংঘর্ষে কমপক্ষে ছয় ইউক্রেনীয় সেনা এবং পাঁচ বেসামরিক লোক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১৮ জন।
এই সপ্তাহের শুরুর দিকে বাসে রকেট হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন তীব্র নিন্দা জানিয়েছেন। ওই হামলায় ১১ জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়।