ইউক্রেন নিয়ে সংলাপের আগে রাশিয়ার মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার কয়েক হাজার সেনা গতকাল মঙ্গলবার ইউক্রেন সীমান্তের কাছে বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে। বেলারুশে নির্ধারিত শান্তি আলোচনার আগের দিন এ ঘটনাকে রাশিয়ার শক্তি প্রদর্শন বলেই মনে করা হচ্ছে। খবর রয়টার্স ও বিবিসির।
রাশিয়ার সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থাগুলো জানায়, গতকাল দেশটির দক্ষিণাঞ্চলে শত্রুপক্ষের অবস্থান শনাক্তকারী দলের প্রায় দুই হাজার সেনা মহড়া শুরু করেছে।
আজ বুধবার বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেন সংকট নিয়ে শান্তি আলোচনা হওয়ার কথা। এতে জার্মানি, ফ্রান্স, ইউক্রেন এবং রাশিয়ার নেতারা ইউক্রেনে একটি টেকসই যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছার চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার বিষয়টি বিবেচনা করা হবে। গত সোমবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের পর এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবামা।