
ইউক্রেন প্রশ্নে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে কঠোর মনোভাব প্রকাশ করেছেন জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। গতকাল রোববার বিশ্বের প্রধান শিল্পোন্নত দেশগুলোর এ জোটের সম্মেলনের শুরুতে তাঁরা বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধের চুক্তি কার্যকর না করা পর্যন্ত আরোপিত নিষেধাজ্ঞা অবশ্যই বহাল থাকতে হবে।
জার্মানির দক্ষিণ বাভারিয়ার বিলাসবহুল এলমাউ ক্যাসল হোটেলে শুরু হয়েছে দুই দিনের জি-৭ সম্মেলন। এতে বাণিজ্য, মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগ, জঙ্গিবাদ ও জলবায়ুর পরিবর্তনের মতো বিষয়ও গুরুত্ব পাবে। খবর বিবিসি ও এএফপির।
গতকাল জার্মানিতে এসে পৌঁছানোর পর বারাক ওবামা বলেন, সম্মেলনে ইউক্রেনে ‘রুশ আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর’ বিষয়ে আলোচনা করা হবে।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ওবামাকে তাঁর দেশে স্বাগত জানান। পরে তাঁরা দুজনে বৈঠক করেন। এ বৈঠকের পর হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিতে বলা হয়, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ অবশ্যই রাশিয়া কর্তৃক মিনস্ক চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সঙ্গে স্পষ্টভাবে যুক্ত থাকবে।
পূর্ব ইউক্রেনের বিদ্রোহীদের সমর্থন করার কারণে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনে যুদ্ধবিরতি বন্ধের লক্ষ্যে বেলারুশের মিনস্কে একাধিক বৈঠকে চুক্তি হয়েছে। তবে রাশিয়া ও ইউক্রেন উভয়ে পরস্পরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে।
সম্মেলনস্থল এলমাউ ক্যাসল হোটেলের অবস্থান জার্মানির দক্ষিণ বাভারিয়ার অবকাশকেন্দ্র গারমিশ পার্টেনকিশেনের কাছে। এবারের জি-৭ শীর্ষ সম্মেলনে অন্যান্যের মধ্যে যোগ দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
এ ছাড়া জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মতো বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাহী জ্যঁ-ক্লদ জাঙ্কারের যোগ দেওয়ার কথা।
সম্মেলন শুরুর আগে গারমিশ পার্টেনকিশেন শহরে বিশ্বনেতাদের কাছে বিভিন্ন দাবি ও প্রতিবাদ জানানো শুরু করেন পুঁজিবাদবিরোধীসহ বিভিন্ন ধারার হাজারো আন্দোলনকর্মী। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। তবে অন্য বছরের তুলনায় সংঘর্ষ খুব একটা ভয়াবহ ছিল না। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে ফেলায় নেতাদের সম্মেলনস্থলে নেওয়া হয় হেলিকপ্টারে করে। আগে থেকেই সম্মেলনস্থল কড়া নিরাপত্তার জালে কার্যত দুর্গে পরিণত হয়।
স্থানীয় সময় সকালে জি-৭-এর ৪১তম এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর আয়োজক চ্যান্সেলর ম্যার্কেল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বাভারিয়া এলাকার ঐতিহ্যবাহী বিয়ার ও খাবারদাবারসহ বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত করান। বেলা ১১টায় শুরু হয় জি-৭ সম্মেলন। আজ সোমবার সমাপনী দিনে ইসলামিক স্টেট (আইএস) ও বোকো হারামের সৃষ্ট হুমকির বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।
সম্মেলনে স্বাগতিক নেতা আঙ্গেলা ম্যার্কেল জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নকে আলোচ্যসূচির সামনে রেখেছেন। পাশাপাশি গ্রিসের অর্থনৈতিক সংকট সমাধানে বিশ্বনেতারা কী ভাবছেন, তা-ও বোঝার চেষ্টা করবেন তিনি। গ্রিস সরকার ও আন্তর্জাতিক দাতাগোষ্ঠী সংস্কার কর্মসূচি নিয়ে মতবিরোধে লিপ্ত। শেষ পর্যন্ত সমঝোতার অভাবে গ্রিস ইউরো জোন থেকে বেরিয়ে গেলে বিশ্ব অর্থনীতির জন্য এ ঘটনা যে হুমকি সৃষ্টি করবে, তা নিয়ে বিশ্বনেতারা উদ্বিগ্ন।
ইউক্রেনের স্বায়ত্তশাসিত এলাকা ক্রিমিয়াকে রাশিয়া নিজেদের অংশ করে নেওয়ার প্রেক্ষাপটে সম্মেলনে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকছে না। এ নিয়ে তিনবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জি-৭ শীর্ষ বৈঠকের বাইরে রাখা হলো। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের মদদ জুগিয়ে চলেছে রাশিয়া। ইউক্রেন অভিযোগ করে আসছে, পুতিন পূর্ব ইউক্রেনে রুশ সেনা পাঠাচ্ছেন। এ প্রেক্ষাপটে ইতিমধ্যে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন অবরোধ আরোপ করেছে। এর মেয়াদ আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হতে পারে। তবে বিদ্রোহীদের সহযোগিতা দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।