ইউক্রেন প্রশ্নে চাপ সৃষ্টি করতে রাশিয়া সফরে কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের সঙ্গে নড়বড়ে অস্ত্রবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়নে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে রাশিয়া সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি গতকাল মঙ্গলবার কৃষ্ণসাগরের উপকূলীয় সোচি শহরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন। এরপর পুতিনের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা ছিল।
কেরি গত সোমবার মস্কো পৌঁছান। এর আগে ২০১৩ সালের মে মাসে তিনি মস্কো সফর করেন। কিন্তু ইউক্রেন সংকট শুরুর পর রাশিয়া সফরে যাওয়া সবচেয়ে বড় মার্কিন নেতা তিনি। এবার সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ায় অব্যাহত সংকট এবং ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা করার কথা।
গত বছরের শুরুর দিকে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার ঘটনাকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হয়ে ওঠে। সেই সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন কেরি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু আসাদ পুতিনের সমর্থনপুষ্ট। এ ক্ষেত্রে দেশটির সংকট নিরসনে মস্কোর সহযোগিতা চাইতে পারেন কেরি।