ইউক্রেন যুদ্ধে যোগ দিতে মার্কিনরা শিখছেন একে-৪৭ কীভাবে চালাতে হয়
ইউক্রেনে রাশিয়ার হামলার আজ রোববার ১১তম দিন চলছে। এরই মধ্য কয়েকটি শহর নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে মানবিক সংকটও তৈরি হয়েছে। এরই মধ্য রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞাও জারি হয়েছে। হামলার দশম দিনে গতকাল শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি শহর মারিউপোল ও ভলনোভাখায় পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
এদিকে ইউরোপ ও বিশ্বের অন্যান্য দেশ থেকে ১৬ হাজার স্বেচ্ছাসেবক ‘আন্তর্জাতিক সেনাদলে’ যোগ দিতে রাজি হয়েছেন বলে দাবি করেছিল ইউক্রেন। এবার জো বাইডেনের দেশ থেকে ইউক্রেনে যুদ্ধ করার জন্য এসেছেন তিন হাজার মার্কিন নাগরিক।
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে বিদেশি স্বেচ্ছাসেবকদের উদ্দেশে ইউক্রেন আহ্বান জানিয়েছিল আগেই। সেই আহ্বানে সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের দূতাবাসের একজন প্রতিনিধি। ইউক্রেন দূতাবাসের ওই প্রতিনিধি মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানান। বিবিসির খবরে বলা হয়েছে, প্রায় তিন হাজার মার্কিন নাগরিক ইউক্রেন যুদ্ধে অংশ নিতে এসেছেন। এসব মার্কিন নাগরিকেরা ইউক্রেনের এলভিভ শহরে একে-৪৭ রাইফেল চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। সেই প্রশিক্ষণের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি সিনেমা হলে তাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন।
পশ্চিমের দেশগুলো ইউক্রেনে যুদ্ধের জন্য সেনা পাঠাচ্ছে না। তবে রোমানিয়া, অস্ট্রেলিয়া, জার্মানিসহ কয়েকটি দেশ অস্ত্র দিয়ে সহায়তা করছে ইউক্রেনকে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধে সাহায্যের জন্য বিদেশি স্বেচ্ছাসেবকদের একটি ‘আন্তর্জাতিক সেনাদল’ গঠনের আহ্বান জানান।