ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই নরওয়েতে সামরিক মহড়া ন্যাটোর
ইউক্রেনে হামলা চলছে রাশিয়ার। হামলা ক্রমে ভয়ানক হচ্ছে। দিনকে দিন পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গত সোমবার নরওয়েতে শুরু হয়েছে ন্যাটোর সামরিক মহড়া। ৩০ হাজার সেনা অংশ নিচ্ছে এ মহড়ায়। ইউরোপ ও উত্তর আমেরিকার ২৮টি দেশ ‘কোল্ড রেসপন্স ২০২২’ নামের এ মহড়ায় অংশ নিয়েছে।
আল–জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মধ্যে ৩০ হাজার সেনা, ২০০টি বিমান ও ৫০টি যুদ্ধজাহাজ নিয়ে শুরু হয়েছে ন্যাটোর মহড়া। এ মহড়া নিয়ে নানা প্রশ্ন উঠছে। এ মহড়ার মধ্য দিয়েই রাশিয়ার প্রতি ন্যাটো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কি না, উঠছে সে প্রশ্ন? তবে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সামরিক জোটের শীর্ষ কর্মকর্তারা। কোল্ড রেসপন্সের দায়িত্বে থাকা একজন জেনারেল ইংভে ওডলো একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘এটি একটি প্রতিরক্ষামূলক অনুশীলনমাত্র। কোনো আক্রমণের উদ্দেশ্যে এ সামরিক মহড়া নয়।’
ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, এ মহড়ার পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগেই নেওয়া হয় এ সিদ্ধান্ত। নরওয়ে কীভাবে তার মাটিতে মিত্রদেশগুলোর শক্তি বৃদ্ধি করবে, সেটা পরীক্ষা করে দেখতে এ মহড়ার আয়োজন। এর মাধ্যমে কোনোও রকম আক্রমণাত্মক বার্তা দেওয়া হচ্ছে না। আগামী ১ এপ্রিল পর্যন্ত এ মহড়া চলবে। রাশিয়ার সঙ্গে নরওয়ের প্রায় ২০০ কিলোমিটার সীমান্ত এলাকা আছে।
ইউক্রেন সামরিক জোট ন্যাটোর সদস্যদেশ নয়, কিন্তু জোটটিতে অন্তর্ভুক্ত হতে চায় দেশটি। আর সদস্য হলে রাশিয়া সীমান্তে ন্যাটোর সৈন্য সমাবেশ হবে, আর এতে নিরাপত্তা হুমকিতে পড়বে রাশিয়া। রাশিয়া বারবার এ কথা বলে আসছে। আর চলমান যুদ্ধের অন্যতম কারণও ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়ার আগ্রহ। রাশিয়ার হামলার মুখে এত দিন পর্যন্ত অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করা ছাড়া এখনো রুশ বাহিনীর বিরুদ্ধে সরাসরি সেনা নামাতে রাজি হয়নি আমেরিকা ও ন্যাটো।
এদিকে ইউক্রেনে রুশ হামলা আজ ২১তম দিনে গড়িয়েছে। এদিন স্থানীয় সময় দিবাগত রাত তিনটার পরপরই দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে সম্ভাব্য বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজানো হয়। শহরটি পোল্যান্ড সীমান্ত থেকে ১৫ মাইল দূরে। দুদিন আগে এ শহরের উপকণ্ঠে একটি সামরিক ঘাঁটিতে রুশ বাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ইউক্রেনের ৩৫ সেনা নিহত হন। রাশিয়া দাবি করে, হামলায় বিদেশি ভাড়াটে যোদ্ধারা নিহত হয়েছেন।