ইউক্রেন সীমান্ত থেকে সেনা ফেরানোর ঘোষণা রাশিয়ার

ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে ইউক্রেনে রুশ হামলা চালানোর আশঙ্কা কমছে। ক্রেমলিন আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, পুরো রাশিয়ায় যে সামরিক তৎপরতা চলছিল, তা অব্যাহত থাকবে।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ১ লাখ ১০ হাজার সেনা রয়েছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এই সীমান্ত থেকে রাশিয়া কতজন সেনা সরিয়ে নেবে, তা জানানো হয়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে যেসব সেনাসদস্য ছিলেন, তাঁদের মিশন সম্পন্ন হয়েছে। তাঁরা ট্রেনে ও ট্রাকে চেপে বসছেন। আজ তাঁরা সেনা ব্যারাকে ফিরবেন।

সেনাদের কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে, ভিডিওতে দেখা যায়, সেনারা তাঁদের ভারী অস্ত্র ট্রেনে ওঠাচ্ছেন।

এর আগেও রাশিয়া ঘোষণা দিয়েছিল, ইউক্রেন সীমান্তে সামরিক মহড়া শেষ হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ও স্যাটেলাইট সূত্রে যেসব ছবি পাওয়া গেছে, তাতে দেখা যায়, সীমান্ত এলাকায় সেনাদের কার্যক্রমের কোনো পরিবর্তন হয়নি। এ ছাড়া কিছু সেনা তাঁদের মহড়া চালিয়ে যাচ্ছিলেন।

এ ছাড়া ইউক্রেন সীমান্তের খুব কাছে যেসব সেনা ছিলেন, তাঁরা কোনো ধরনের আনুষ্ঠানিক মহড়ায় অংশ নেননি। এ বিষয়ে প্রশ্ন করা হলে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, নিজেদের এলাকায় তারা যেখানে ইচ্ছা সেখানে সেনা নিতে পারে।

এদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এই সেনা প্রত্যাহারের ঘোষণার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা সব সময় বলে এসেছি, মহড়া শেষ হলে সেনারা ঘাঁটিতে ফিরে যাবেন। এটি নতুন কিছু নয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।’