ইউক্রেন সেনাদের হামলা থেকে বেঁচে ফেরার গল্প শোনালেন রুশ পাইলট
ওলেগ ইসমান। রাশিয়ার বিমানবাহিনীর এমআই–২৪ হেলিকপ্টারের পাইলট তিনি। সম্প্রতি ইউক্রেনে হামলা চালাতে গিয়ে দেশটির সেনাদের পাল্টা হামলার শিকার হন তিনি। সেই হামলা থেকে বেঁচে ফেরার গল্প শুনিয়েছেন ইসমান।
রুশ সংবাদমাধ্যম স্পুতনিকের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সাক্ষাৎকার দিয়েছেন ওলেগ ইসমান। স্থানীয় সময় আজ সোমবার ওই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে।
সাক্ষাৎকারে ইসমান বলেন, ইউক্রেনের একটি বিমানঘাঁটিতে রাশিয়ার কয়েকটি এমআই–৮ হেলিকপ্টার থেকে সেনা সদস্যদের নামার কথা ছিল। এর আগে বিমানঘাঁটিটি শত্রুমুক্ত করতে বহরে এমআই–২৪ হেলিকপ্টার নিয়ে দায়িত্বে ছিলেন ওলেগ ইসমান।
ইউক্রেনের নিপার নদী অতিক্রমের সময় হেলিকপ্টারগুলোকে লক্ষ্য করে প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন ইউক্রেনের সেনারা। সেগুলো যুক্তরাষ্ট্রের তৈরি কাঁধে বহনযোগ্য ‘স্টিঙ্গার’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া হয়েছিল।
ওই সময়ের কথা তুলে ধরে ইসমান বলেন, তিনি দেখতে পান একটি ক্ষেপণাস্ত্র একেবারে তাঁর ‘কপাল বরাবর’ ছুটে আসছে। এই মুর্হূতে কী করবেন তা ভাবার সামান্য সময়ও ছিল না।
ইসমানের ভাষ্য, ‘আমার মাথায় শুধু এটাই এলো যে, যেভাবেই হোক বাঁচতে হবে। স্টিঙ্গার ক্ষেপণাস্ত্রটি হেলিকপ্টারের ইঞ্জিনের দিকে ছুটে আসছিল। শেষমেশ আমি কৌশলে হেলিকপ্টারটি ডান দিকে ঘুরিয়ে নিই।’
তবে একেবারে পার পাননি ইসমান। সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি হেলিকপ্টারটির পেছনের অংশের কিছুটা ক্ষতি করে। তবে তাতে থেমে যাননি ইসমান।
এরপরেও তিনি হামলা চালিয়ে যান। এর ফলেই একপর্যায়ে বিমানঘাঁটিটি শত্রুমুক্ত হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার প্রথম প্রহরে রুশ বিমানবাহিনীর কেএ–৫২ ও এমআই–২৪ এন হেলিকপ্টারগুলো ইউক্রেনের আরও ১৫টি সামরিক যান ধ্বংস করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভের দেওয়া তথ্য বলছে, ওই অভিযানে ইউক্রেনের ধ্বংসপ্রাপ্ত সামরিক সরঞ্জামের মধ্যে আটটি ট্যাংক, চারটি সাঁজোয়া যান ও তিনটি সেনা পরিবহন যান রয়েছে।