ইউক্রেনে অন্তত ৩৫১ বেসামরিক মানুষের মৃত্যু: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার পর ইউক্রেনের ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের উদ্দেশে রওনা হয়েছেন
ছবি: এএফপি

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দেশটিতে কমপক্ষে ৩৫১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ সময় আহত হয়েছে ৭০৭ জন। শনিবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হতাহতদের বেশির ভাগই গোলা, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ওএইচসিএইচআর। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনে প্রচণ্ড লড়াই চলছে, এমন অনেক এলাকা থেকে তথ্য পেতে দেরি হচ্ছে বলে জানিয়েছে ওএইচসিএইচআর। এ ছাড়া হাতে আসা অনেক তথ্যের বস্তুনিষ্ঠতাও এখনো নিশ্চিত নয়। সংস্থাটি বলেছে, হতাহতের সংখ্যা প্রকাশিত তথ্যের চেয়ে বেশি হতে পারে।

এদিকে শনিবার রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের মারিউপোল ও ভোলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মানবিক করিডর তৈরির ঘোষণা দিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের দাবি, মস্কো যুদ্ধবিরতি বা মানবিক করিডরের ঘোষণা-কোনোটিই মানছে না। শহর দুটিতে হামলা অব্যাহত রয়েছে। ওএইচসিএইচআর বলছে, ভোলনোভাখা শহরে শত শত মানুষকে হতাহত করার অভিযোগ উঠেছে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ অভিযান শুরুর পর দেশটির সেনাদের ব্যাপক গোলাবর্ষণে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো সবচেয়ে বেশি চাপে আছে। সেখানে দুই পক্ষের সেনাদের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। এরই মধ্যে শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।