ইউক্রেনে অস্ত্রবিরতি
ইউক্রেনে লড়াইরত রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি করেছে দেশটির ক্ষমতাসীন সরকার। আজ শুক্রবার বেলারুশের রাজধানী মিনস্কে এক বৈঠকে উভয় পক্ষ অস্ত্রবিরতিতে রাজি হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, আজ শুক্রবার ব্রিটিশ মান সময় ভোর তিনটা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। কিন্তু তার পরও ইউক্রেনের সেনাবাহিনী ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা অস্ত্রবিরতিতে সম্মত হলেও ইউক্রেন থেকে আলাদা হয়ে স্বাধীন ভূখণ্ড গঠনের নীতি থেকে তারা সরে আসবে না।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি প্রতিষ্ঠার জন্য সাতটি প্রস্তাব উপস্থাপন করে বলেছেন, এর ফলে কোনো পক্ষ কাউকে অনৈতিকভাবে আক্রমণ করবে না এবং বন্দিবিনিময় ও দুই দেশের মধ্যে যোগাযোগের মাধ্যম গড়ে তোলা সহজ হবে।
কিন্তু পশ্চিমা বিশ্ব বলে আসছে, রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনে বিদ্রোহীদের সাহায্যের জন্যে বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা পাঠিয়েছে। কিন্তু মস্কো এই অভিযোগ নাকচ করে দিয়েছে। এর ফলে নতুন করে অবরোধের মুখে পড়তে পারে রাশিয়া।