ইউক্রেনে কী খুঁজছেন পুতিন?

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক তত্পরতা নিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন। নির্ঘুম প্রহর কাটছে ইউক্রেনের টালমাটাল সরকারের কর্মকর্তাদের। রাশিয়ার মদতপুষ্ট রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী তথা বিদ্রোহীরা ক্রমে শক্তিশালী হয়ে উঠছে। তাদের পাশে দাঁড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলে কী অর্জন করতে চাইছেন—এ প্রশ্ন এখন সবার।
পুতিন কি আশির দশকে আফগানিস্তানে আগ্রাসন চালানোর সেই দুনিয়া নাড়ানো ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চাইছেন?
ভাবগতিকে তা মনে হলেও ওই আগ্রাসন ও দীর্ঘ দখলদারির কুফল হাড়ে হাড়ে টের পেয়েছে রাশিয়া। ওই সময় একে তো আফগানিস্তানে অবস্থানরত রুশ সেনাদের পেছনে বিপুল অর্থের শ্রাদ্ধ, আরেক দিকে ছিল হতাহতের নেতিবাচক ঘটনা। তালেবানসহ বিভিন্ন আফগান যুদ্ধবাজ জাতিগোষ্ঠীর যোদ্ধাদের সঙ্গে লড়ে বিপর্যস্ত রুশ সেনারা যখন দেশে ফিরে আসছিল, তখন আফগানিস্তান দখল করার মজাটা রুশ কর্তৃপক্ষ হাড়ে হাড়ে টের পায়।
তবে পুতিনের বিষয়টি আলাদা। তাঁর রাজনৈতিক ও সামরিক অভিজ্ঞতা অনেক বেশি পরিপক্ব। যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দিয়ে সাম্রাজ্য ও প্রভাব বিস্তারে পুতিনের যে একগুঁয়ে মনোভাব রয়েছে, এর প্রমাণ আগেই মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের আধিপত্য কবজা করতে আদাজল খেয়ে লাগবেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন প্রভাব বিস্তারে অটল থাকবেন, আর পুতিন চুপ করে বসে বসে তা দেখবেন, এমনটি না ভাবাই ভালো।
এটা স্পষ্ট যে ইউক্রেনের পূর্বাঞ্চলে নিজেদের সেনাবাহিনীর জোরালো উপস্থিতির ব্যাপারে রাশিয়া এখন অনেক বেশি আত্মবিশ্বাসী ও কৌশলী। পূর্ব ইউক্রেনে অব্যাহত সহিংসতার জন্য আলোচনায় বসার ক্ষেত্রে কিয়েভের আন্তরিকতার অভাবকে দায়ী করে পুতিন গত শুক্রবার বলেন, ‘রাশিয়ার সহযোগীদের বুঝতে হবে যে আমাদের সঙ্গে লাগতে না যাওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’ এ ঘোষণাতেই তাঁর আত্মবিশ্বাসের প্রমাণ মেলে।
ইউক্রেনে কেবলমাত্র রাশিয়ার ট্যাংক ও প্যারাট্রুপারই নেই, বরং তারা হামলাও চালিয়ে যাচ্ছে। রুশপন্থী বিদ্রোহীরা এর মধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা বাইরের সাহায্য ছাড়াই সবকিছু করতে পারবে। এসব ঘটনা স্পষ্ট ইঙ্গিত দেয় বিদ্রোহীরা রাশিয়ার কাছ থেকে সরাসরি সহায়তা পাচ্ছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কী? সবার মনেই কম-বেশি এই জিজ্ঞাসা রয়েছে। সুস্পষ্টভাবে এর জবাব না পাওয়া গেলেও রাশিয়ার একটি প্রধান লক্ষ্য যে প্রভাব বিস্তার, এটা নিশ্চিত।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানা যায়, রাশিয়া পাঁচ হাজার শান্তিরক্ষী নিয়ে শক্তিশালী একটি বাহিনী গঠন করেছে। রাশিয়ার সেনাবাহিনীর শাখা এয়ারবোর্ন অ্যাসল্ট ফোর্সেসের সদস্যদের নিয়েই ওই বাহিনী গঠিত। তাই সন্দেহ নেই ওই দলটিও সেনাবাহিনীর একটি অংশ। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহীদের সহায়তা করে যাচ্ছে।
বিবিসির প্রতিবেদনে কনফ্লিক্ট স্টাডিজ রিসার্চ সেন্টারের গবেষক কেইর জাইলস বলেন, বিদ্রোহীদের সহায়তা করতে রাশিয়া যদি সরাসরি সেনাবাহিনীকে কাজে লাগায়, তাহলে একধরনের মানবিক বিপর্যয় ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনে রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে সে দেশের সাধারণ মানুষ কী ভাবছে, এটিও একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০০৮ সালে জর্জিয়ার সঙ্গে রাশিয়ার সংঘর্ষের সময় ওসেটিয়ার দক্ষিণাঞ্চলে রাশিয়ার অনেক সেনা নিহত হয়। সে সময়ের কথা মনে করে রাশিয়ার সাধারণ মানুষ সে রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে চায় না। গত ২৬ আগস্ট তিবলিসে ইউক্রেনে রাশিয়ার সেনা মোতায়েনের প্রতিবাদে বিক্ষোভ করে সাধারণ মানুষ।
সেনা মোতায়েন নিয়ে পার্লামেন্টেও সমালোচনার মুখে রয়েছেন পুতিন। ইউক্রেনে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়ে পুতিন স্বেচ্ছাচারিতা করছেন বলে পার্লামেন্টে সমালোচনা করা হয়। তবে পুতিন দাবি করেন, সেখানে রাশিয়ার সেনারা স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছে।
তবে এটাও ঠিক যে রাশিয়া আসলে ইউক্রেনে কী করছে বা কী করতে চাইছে, এ নিয়ে সে দেশের মানুষের খুব বেশি ধারণা নেই। রাশিয়ার সাধারণ জনগণ গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে প্রকৃত ঘটনা এখনো আঁঁচ করতে পারছে না।