ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ সেনারা

ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ সেনারা। রাশিয়া থেকে গতকাল বৃহস্পতিবার দুই সারি ট্যাংক ও সামরিক যানের বহর নিয়ে সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণ-পূর্ব সীমানা দিয়ে ঢুকে পড়ে।
আজ শুক্রবার ইউক্রেনের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, গতকাল ইউক্রেনের সীমান্ত চৌকিতে গ্রাদ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ইউক্রেনের সীমান্তরক্ষীরা পালিয়ে যায়। পরে রুশ সেনারা সাঁজোয়া যান ও সামরিক সরঞ্জাম নিয়ে দেশটির ভেতরে ঢুকে পড়ে।
ইউক্রেনের সেনা কর্মকর্তা কর্নেল আন্দ্রি লিসেনকোর এ বক্তব্য সমর্থন করে ন্যাটোর জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নিকো টাক বলেন, সামরিক সরঞ্জাম নিয়ে অন্তত এক হাজার রুশ সেনা ইউক্রেনে ঢুকে পড়েছে। তারা যে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আগ্রাসন চালিয়েছে, এতে কোনো সন্দেহ নেই।
নিকো টাক বলেন, ‘এর পেছনে যে কার হাত রয়েছে, তা ক্রমে স্পষ্ট হয়ে উঠছে।’
এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো ঘোষণা দেন, ‘রাশিয়ার বাহিনী ইউক্রেনে ঢুকে পড়েছে।’
তিনি বিদেশ সফর বাতিল করে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছেন।