ইউক্রেনে দুই পক্ষের কয়েক শ বন্দিবিনিমিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের সরকার এবং রুশপন্থী বিদ্রোহীরা নতুন শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে কয়েক শ বন্দী বিনিময় করেছে। বিদ্রোহীদের শক্ত ঘাঁটি দোনেৎস্কে গতকাল শনিবার এ বন্দিবিনিময় হয়। খবর এএফপির।
পূর্ব ইউক্রেনের দোনেৎস্কের উত্তরে এক বিচ্ছিন্ন সড়কে গত শুক্রবার এই বন্দিবিনিময় প্রক্রিয়া শুরু হয়। এ সময় দুই পক্ষের বন্দীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। দুই পক্ষের মধ্যে এমন বিপুল সংখ্যায় বন্দিবিনিময়ের ঘটনা বিরল। এর আগেও কয়েক দফা বন্দিবিনিময় হলেও তা সংখ্যায় এত বেশি ছিল না।
বিদ্রোহীদের এক মুখপাত্র জানান, এ দফায় ২২২ বিদ্রোহী যোদ্ধা এবং ১৪৫ জন ইউক্রেনীয় সেনাকে নিজ নিজ পক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া আরও পাঁচ সেনাকে পার্শ্ববর্তী লুহানস্ক থেকে ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর করা হবে।
নতুন বছরের ঠিক পূর্ব মুহূর্তে মুক্তিপ্রাপ্ত বন্দীরা একই সঙ্গে বিস্মিত এবং আনন্দিত। মুক্তিপ্রাপ্ত ইউক্রেনের এক সেনা আর্তিওম সিউরিক বলেন, ‘ওরা আমাদের এমন কিছু হতে পারে বলে জানিয়েছিল। আমি বাবা-মা ও স্ত্রীর কাছে যাচ্ছি। তারা জানে না যে আমি আসছি।’
তবে দানিস বালবুকভ নামের এক যুবক বিদ্রোহী বাসে ওঠার আগে চিৎকার করে বলেন, ‘আমি লড়াই করতে ফিরে যাচ্ছি। আবার নতুন করে শুরু হবে। ওরা আমাদের অনেক যন্ত্রণা দিয়েছে এবং খারাপ ব্যবহার করেছে।’
রাজধানী কিয়েভে দেশটির সরকারের নিরাপত্তা সূত্র জানায়, বিদ্রোহীদের হাতে এখনো প্রায় ৫০০ সরকারি সেনা বন্দী রয়েছে। সূত্রটি আরও জানায়, কারাগারে বন্দী আরও বিদ্রোহীকে মুক্তি দিতে তারা আগ্রহী।
বন্দিবিনিময়ের পাশাপাশি ভিডিও সংযোগের মাধ্যমে বৈঠক করে স্তিমিত হয়ে পড়া শান্তি আলোচনার পথও উন্মুক্ত হয়। তবে এখন পর্যন্ত সরাসরি আলোচনার নতুন কোনো তারিখ নির্ধারণ করতে দুই পক্ষই ব্যর্থ হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যস্থতাকারী প্রতিনিধিরা দুই পক্ষকে চূড়ান্ত পর্যায়ের আলোচনা এবং ব্যাপকভিত্তিক শান্তিচুক্তি স্বাক্ষরে সহায়তা করছেন। কিন্তু গত বুধবার দুই পক্ষের আলোচনা শুরুর মাত্র পাঁচ ঘণ্টার মাথায় উত্তপ্ত বিতর্কের মধ্য দিয়ে তা ভেঙে পড়ে। কেবল বন্দিবিনিময় অব্যাহত রাখার ব্যাপারে চার দফার এক চুক্তি সই হয়।
ইউক্রেন সরকার নিরাপত্তার অভাবকে কারণ দেখিয়ে শুক্রবার দেশটি থেকে সম্প্রতি বিচ্ছিন্ন হওয়া ক্রিমিয়ামুখী সরকারি রেল এবং বাস যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এই পথেই ইউক্রেনের মূল ভূখণ্ড থেকে ক্রিমিয়া উপদ্বীপের ২৩ লাখ বাসিন্দার জন্য রসদ
সরবরাহ করা হয়।