ইউক্রেনে বাসে গোলা, সেনা-বিদ্রোহী লড়াইয়ে নিহত ৪১
ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্ক এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি বাসে গোলাবর্ষণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ওই অঞ্চলে অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে বার্লিনে শান্তি আলোচনার কয়েক ঘণ্টা পরই দোনেৎস্কে এ হামলা হলো। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
গোলাবর্ষণে একটি ট্রলিবাসের ১২ জন আরোহী এবং একজন পথচারী নিহত হন। আহত হন আরও কয়েকজন। স্থানীয় একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। রয়টার্স জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ছয়জন বেসামরিক নাগরিক।
ইউক্রেনের সেনাবাহিনী গতকাল জানায়, কয়েক মাস ধরে রক্তক্ষয়ী লড়াইয়ের পর দোনেৎস্কের গোলযোগপূর্ণ বিমানবন্দর এলাকার মূল অংশ থেকে তারা পিছু হটেছে। সেখানে বিদ্রোহীদের সঙ্গে শেষ ২৪ ঘণ্টার লড়াইয়ে ১০ সেনা নিহত ও ১৬ জন আহত হয়েছেন। এই নিয়ে সে দেশে গত এক দিনে সাধারণ মানুষসহ ৪১ জনের মৃত্যু হয়েছে।
রাশিয়াপন্থী বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে। দোনেৎস্ক বিমানবন্দর এলাকায় গত বুধবার রাতে বোমাবর্ষণ হয়। এতে আরেকটি বাসের ক্ষয়ক্ষতি হয় এবং একজন নিহত হন।