ইউক্রেনে ভোটে ইইউপন্থীরাই জয়ের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পার্লামেন্ট নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তথা পাশ্চাত্যপন্থীদের জয় অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। আংশিক ফলাফলে পাশ্চাত্যঘেঁষা দুই নেতা প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ও প্রধানমন্ত্রী আর্সেনি ইয়েতসেনিয়ুকের জোট পৃথকভাবে প্রায় ২২ শতাংশ করে ভোট পেয়েছে। গত রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পুরো ফল পেতে কয়েক দিন সময় লাগতে পারে।
এদিকে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা দোনেৎস্কের কাছে গতকাল সোমবার ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। বিবিসি ও এএফপি।
নির্বাচন শেষ হওয়ার পর ৩০ শতাংশ ভোট গণনায় দেখা যায়, পোরোশেঙ্কো ও ইয়েতসেনিয়ুকের জোট এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশন জানায়, গণনা করা ভোটের ২১ দশমিক ৭ শতাংশ পেয়েছে ইয়েতসেনিয়ুকের জোট। আর ২১ দশমিক ৫৯ শতাংশ ভোট পেয়েছে পোরোশেঙ্কোর নেতৃতত্বাধীন জোট। এ ছাড়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলভিত্তিক দল সেলফ হেলফ ১০ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। আর রুশপন্থী ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের অনুসারী বলে পরিচিত সাবেক জ্বালানিমন্ত্রী ইউরিয়া বোউকি ৯ দশমিক ৬২ শতাংশ ভোট পেয়েছেন। কমিশন জানায়, নির্বাচনে ভোট পড়েছে ৫২ শতাংশের কিছুটা বেশি।
জয়ের আভাস পেয়ে সরকার গঠনের জন্য জোট গড়তে আলোচনা শুরুর পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট পোরোশেঙ্কো। ‘গণতান্ত্রিক, সংস্কারপন্থী এবং ইউক্রেন ও ইউরোপন্থীদের’ সমর্থন দেওয়া ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।