ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সমর্থনে ইউক্রেনের সরকার ও বিদ্রোহীরা যুদ্ধবিরতিতে পেঁৗছতে গতকাল শুক্রবার বহু প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষর করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, যুদ্ধবিরতি-প্রক্রিয়া শুরু করতে প্রাথমিক সমঝোতা হয়েছে। সরকার ও বিদ্রোহীদের মধ্য তীব্র লড়াইয়ের মধ্যেই গতকাল বেলারুশের রাজধানী মিনস্কে এ লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু হয়। খবর এএফপি ও বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো জানান, গতকালই গ্রিনিচমান সময় বেলা তিনটায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা। মিনস্কের আলোচনায় ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট লিওনিদ কুচমা, ইউক্রেনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এবং পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের স্বঘোষিত ‘গণপ্রজাতন্ত্রের’ নেতারা যোগ দেন।
একধরনের চাপা উত্তেজনার মধ্যেই মিনস্কে দুপক্ষের আলোচনা শুরু হয়। কারণ, রুশপন্থী বিদ্রোহীরা শিল্পনগর মারিওপোলের দিকে অগ্রসর হচ্ছিল। তারা গতকাল শহরটির কাছাকাছি পৌঁছে যায়। এই আলোচনা ব্যর্থ হলে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
এর আগে গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে টেলিফোন আলাপে সাত দফা যুদ্ধবিরতির পরিকল্পনার একটি প্রস্তাব দেন। পরিকল্পনা অনুযায়ী, সরকার ও বিদ্রোহী উভয় পক্ষই আগ্রাসী অভিযান বন্ধ রাখবে এবং দোনেৎস্ক ও লুহানৎস্ক শহরের শিল্পাঞ্চল থেকে সরকারি সেনা প্রত্যাহার করা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট পোরোশেঙ্কো এই আলোচনার ব্যাপারে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছিলেন।
পূর্ব ইউক্রেনের বিদ্রোহীদের রাশিয়ার কথিত সামরিক সহায়তার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নতুন অবরোধ আরোপের ঘোষণা দিতে পারে। এই উদ্দেশ্যে মিনস্কের আলোচনার প্রতি সবার সতর্ক দৃষ্টি ছিল।