ইউক্রেনে যুদ্ধবিরতির মধ্যে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে সরকার ও বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল শনিবার রাতে পূর্ব ইউক্রেনের কৌশলগত শিল্পনগর মারিওপোলের কাছে গোলা হামলার অভিযোগ পাওয়া গেছে।
রাশিয়ার সমর্থনে ইউক্রেনের সরকার ও বিদ্রোহীরা যুদ্ধবিরতিতে পৌঁছতে গত শুক্রবার বহু প্রতীক্ষিত একটি চুক্তি স্বাক্ষর করে। একই দিন গ্রিনিচমান সময় বেলা তিনটায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
ইউক্রেনের এক কর্মকর্তা দাবি করেছেন, গতকাল মারিওপোলের পূর্বাঞ্চলে কামান দিয়ে গোলা হামলা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাঁদের কাছে নেই।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদক জানিয়েছেন, শহরটির পূর্বাঞ্চলে দীর্ঘসময় ধরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি। সেখানে একটি ট্রাক, একটি গ্যাসস্টেশন ও শিল্প স্থাপনায় আগুন জ্বলতে দেখেছেন।
প্রত্যক্ষদর্শীরাও প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন।