ইউক্রেনে যুদ্ধের মধ্যে পড়ুয়ারা স্কুলে, চলছে মহড়াও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
ছবি: বিবিসির সৌজন্যে

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর গতকাল সোমবার প্রথমবারের মতো কিছুসংখ্যক প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয় খুলেছে। যুদ্ধ পরিস্থিতিতে এসব শিশুশিক্ষার্থী কীভাবে আত্মরক্ষামূলক পদক্ষেপ নেবে, বিমান হামলার সতর্কসংকেত বাজলে কোথায় আশ্রয় নেবে, তা নিয়ে তাদের মহড়া দেওয়া হচ্ছে। খবর বিবিসির।

ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলা অব্যাহত রয়েছে। হঠাৎ হঠাৎ সেখানে বেজে উঠছে বিমান হামলাজনিত সতর্কসংকেত। এর মধ্যেই গতকাল খুলেছে কিছু স্কুল। যুদ্ধ পরিস্থিতিতে পাঠদানের জন্য সেখানে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা।

ইউক্রেনে একটি কিন্ডারগার্টেন নেটওয়ার্ক পরিচালনা করেন সোলোমিয়া বইকোভিচ। বিবিসিকে তিনি বলেন, বিমান হামলার সতর্কসংকেত বাজলে কোন বিধি অনুসরণ করতে হবে, সে ব্যাপারে বাচ্চাদের শেখাতে শিক্ষক-শিক্ষার্থী মিলে মহড়া চালানো হচ্ছে।

‘বাস্তব জীবনে আমাদের তা চর্চার মধ্যে নিয়ে আসতে হলো। বাচ্চারা যখন ছুটে আশ্রয়কেন্দ্রের দিকে যাচ্ছিল, তখন আমি তাদের সঙ্গে ছিলাম। তাদের মধ্যে কোনো অস্থিরতা কিংবা আতঙ্ক দেখতে পাইনি,’ বলে যান বইকোভিচ। তিনি মনে করেন, শিশুরা এ মহড়াকে খেলা হিসেবে দেখেছে। মাটির ওপরে তারা যেভাবে খেলে, তেমন করে মাটির নিচের আশ্রয়কেন্দ্রেও তারা খেলতে শুরু করে দিয়েছিল।

বিবিসিকে সোলোমিয়া বইকোভিচ আরও বলেন, তাঁর পরিচালনাধীন কিন্ডারগার্টেনগুলোর মধ্যে একটি খোলা হয়েছে আশ্রয়কেন্দ্রের ভেতরে। সেখানে একটি খেলার জায়গা আছে, বুক কর্নার ও আর্টস সেন্টার আছে।

বইকোভিচের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার আগেই তাঁরা প্রচুর পরিমাণে পানি, কিছু খাবার, স্লিপিং ব্যাগ মজুত করতে শুরু করে দিয়েছিলেন। তাঁর মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে সব ইউক্রেনীয় শিশুরই শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে এমন পরিস্থিতিতে পাঠদানের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে সময় লাগবে বলে মনে করেন তিনি।

বইকোভিচ বলেন, ‘আমাদের কিছুটা সময়ের প্রয়োজন। একুশ শতকের যুদ্ধ পরিস্থিতিতে কী করতে হবে, সে পরামর্শসংবলিত কোনো বই তো আমাদের কাছে নেই।’