ইউক্রেনে রক্তপাত বন্ধে সংলাপ ভেস্তে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে রক্তপাত বন্ধে বেলারুশের মিনস্কে গত শনিবার অনুষ্ঠিত শান্তি আলোচনা ভেস্তে গেছে। ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থী বিদ্রোহীদের দুই দিনের সংঘর্ষে অন্তত ৪০ জনের প্রাণহানির প্রেক্ষাপটে ওই জরুরি সংলাপ হয়। সংলাপ ভেঙে যাওয়ার জন্য উভয় পক্ষই একে অন্যকে দোষারোপ করেছে। খবর এএফপি ও বিবিসির।
ইউক্রেনের কর্মকর্তারা শনিবার জানান, আগের ২৪ ঘণ্টায় তাঁদের ১৫ সেনাসদস্য এবং ১২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। অন্যদিকে রুশপন্থী বিদ্রোহীরা বলেছে, তাদের পক্ষের ১৩ জন নিহত হয়েছে। এসব হতাহতের ঘটনা ঘটেছে পূর্ব ইউক্রেনের ভুলেহিরস্ক এবং দেবাল্তসেভ এলাকায়। বিদ্রোহীরা দাবি করেছে, তারা ভুলেহিরস্ক এলাকাটি সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে এবং দেবাল্তসেভে সরকারি বাহিনীর প্রায় আট হাজার সেনাকে ঘিরে ফেলেছে। তবে ইউক্রেনের কর্মকর্তারা এ দাবি নাকচ করে দিয়েছেন।
পূর্ব ইউক্রেনের পূর্বাঞ্চলে গত কয়েক দিনে সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থী বিদ্রোহীদের লড়াই আরও তীব্র হয়েছে। বিদ্রোহীরা নতুন করে কমবেশি ৫০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে গত সেপ্টেম্বরে মিনস্কে উভয় পক্ষের মধ্যে হওয়া অস্ত্রবিরতি চুক্তি ভেঙে পড়ায় শনিবার সেখানে জরুরি শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়।
শনিবারের বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তাদের পাশাপাশি ছিলেন বিদ্রোহী এবং পূর্ব ইউক্রেনে ইউরোপের পর্যবেক্ষক দল অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশনের (ওএসসিই) প্রতিনিধিরাও। তবে বিদ্রোহীদের শীর্ষ নেতারা সংলাপে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন। তাঁদের পক্ষে আলোচক হিসেবে যাঁরা অংশ নেন, তাঁরাও ভারী অস্ত্রশস্ত্র প্রত্যাহার নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেছেন সংলাপে ইউক্রেনের প্রতিনিধি সাবেক প্রেসিডেন্ট লিওনিদ কুচমা।
রুশপন্থী বিদ্রোহীদের স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের আলোচক দাসিন পুশিলিন আলোচনা ভেস্তে যাওয়ার জন্য কিয়েভকেই দায়ী করেছেন। তিনি বলেন, কিয়েভের সেনাবাহিনী যদি গুলিবর্ষণ করা আগে বন্ধ করে, তবেই বিদ্রোহীদের নেতারা একটি চুক্তির বিষয়ে সম্মত হবেন।
পরিস্থিতি নিয়ে শনিবার একে অন্যের সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।