ইউক্রেনে রুশ অভিযান: যে কারণে ‘দুই নৌকায় পা’ আসিয়ানের

যুদ্ধ থেকে বাঁচতে ইউক্রেন ছেড়ে পাশের দেশগুলোর দিকে ছুটছেন লাখ লাখ মানুষ। দেশত্যাগের পথ ধরার জন্য ঘুমন্ত শিশুকে কোলে নিয়ে রেলস্টেশনে বসে আছেন এই মা। গত শনিবার পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিম ইউক্রেনের লিভ শহরেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ ফেব্রুয়ারি প্রত্যুষে তিন দিক থেকে প্রতিবেশী দেশ ইউক্রেনে অভিযান পরিচালনা করে মহাশক্তিধর রাশিয়া। অস্ত্রবল, অর্থবল, প্রভাব প্রতিপত্তি—সব দিক থেকেই ভ্লাদিমির পুতিনের দেশ এগিয়ে। ইউক্রেনের ৪৪ বছর বয়সী প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে লড়াই করতে হচ্ছে অনেকটা একা। ন্যাটোসহ পশ্চিমা জোট প্রতিশ্রুতি দিয়েও সরাসরি বা আনুষ্ঠানিকভাবে দেশটির পাশে দাঁড়ায়নি। তবে ইউক্রেনও জবাব দিচ্ছে। একসময়ের কৌতুক অভিনেতা জেলেনস্কির আহ্বানে সেখানকার সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছে। দেশকে রক্ষা করতে চায় তারা। দুই পক্ষে প্রচুর হতাহত হচ্ছে, যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে যুদ্ধের প্রকৃত চিত্র আসছে না বলে অভিযোগ রয়েছে। আলোচনা এক দফা হয়েছে বটে, তবে এই যুদ্ধ কবে কীভাবে শেষ হবে, তা এখন একেবারেই অনুমান করা যাচ্ছে না।

বিশ্বের অনেক দেশ, বিশেষ করে পশ্চিমারা রাশিয়া এবং এর ২২ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট পুতিন ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে নানা ধরনের অবরোধ আরোপ করেছে। একটি গণতান্ত্রিক দেশের ওপর এভাবে আয়োজন করে হামলা চালানোর নিন্দা কঠোর ভাষায় করেছে তারা। মস্কো থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘটনাও ঘটেছে।

রাশিয়ার সঙ্গে ৫৪ বছরের কূটনৈতিক সম্পর্কের পরও তাদের ছাড় দিয়ে কথা বলার অবস্থানে নেই লি কুয়ানের সিঙ্গাপুর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রুশ হামলার প্রথম দিনেই বক্তব্য দিয়েছেন।

আবার বিশ্বের কিছু দেশ আছে, যারা রাশিয়ার কোনো নিন্দামন্দ করেনি। তারা মস্কোর কোনো দোষ দেখতে পাচ্ছে না। কোনো কোনো দেশ এমনভাবে বক্তব্য দিয়েছে, যাতে রাশিয়া বেজার না হয়। তারা ‘শান্তি’র পক্ষে বক্তব্য দিচ্ছে; অর্থাৎ তারা রাশিয়ারও পক্ষে, আবার ইউক্রেনেরও বিপক্ষে নয়। এতে সুবিধা হলো যে আপাতত দুই কুলই রক্ষা গেল। কোনো দেশ আবার ‘ভাশুর’ রাশিয়ার নাম মুখে না এনেই তাদের ‘জোরালো অবস্থান’ প্রকাশ করেছে!

এ লেখায় ইউক্রেনে রুশ অভিযানের প্রেক্ষাপটে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অবস্থান সাধারণভাবে বোঝার চেষ্টা করব। জোট হিসেবে এই দেশগুলো আসিয়ানভুক্ত দেশ।

শুরুতে বলতে হয় সিঙ্গাপুরের কথা। ছোট্ট দেশ হলেও, সিঙ্গাপুর অর্থনৈতিকভাবে সুপার পাওয়ার। পশ্চিমাদের সঙ্গে তাদের মিত্রতা। আবার রাশিয়ার সঙ্গে তাদের ৫৪ বছরের কূটনৈতিক সম্পর্ক। তারপরও তাদের ছাড় দিয়ে কথা বলার অবস্থানে নেই লি কুয়ানের সিঙ্গাপুর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রুশ হামলার প্রথম দিনেই বক্তব্য দিয়েছেন। বলেছেন, একটি সার্বভৌম দেশের ওপর অকারণে অভিযানের কঠোর নিন্দা করে সিঙ্গাপুর।

ইউক্রেনের কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধও গড়ে তুলেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী
ফাইল ছবি: এএফপি

ঠিক এর বিপরীত অবস্থানে আছে মিয়ানমার। মিয়ানমার এবং এর সামরিক শাসকদের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের দহরম-মহরম সম্পর্ক। রাশিয়ার কাছ থেকে বিপুল অস্ত্র কেনে মিয়ানমার। তা ছাড়া দেশটির তেল-গ্যাস-খনিজ সম্পদ অনুসন্ধানে যুক্ত রয়েছে একাধিক রুশ কোম্পানি। অন্যদিকে সামরিক জান্তার ওপর রয়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ। সব মিলিয়ে মিয়ানমারের অবস্থান তাই নিরপেক্ষ থাকবে না, মস্কোর পক্ষেই হবে, এটাই দস্তুর। রাশিয়া তার ‘সার্বভৌমত্ব রক্ষা করতে’ সঠিক পদক্ষেপই নিয়েছে, এমনই মনে করে ‘তাতমাদো’ (সামরিক জান্তা)।

এই দুই দেশের বাইরে এবার আসিয়ানের অন্য দেশগুলোর অবস্থান জেনে নেওয়া যাক।

সব মিলিয়ে মিয়ানমারের অবস্থান তাই নিরপেক্ষ থাকবে না, মস্কোর পক্ষেই হবে, এটাই দস্তুর। রাশিয়া তার ‘সার্বভৌমত্ব রক্ষা করতে’ সঠিক পদক্ষেপই নিয়েছে, এমনই মনে করে ‘তাতমাদো’ (সামরিক জান্তা)।

ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দেশ। তাদের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে এ ঘটনায় ‘আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান’ দেখানোর ওপর জোর দিয়েছেন। আঞ্চলিক ঐক্য ও সার্বভৌমত্বের কথাও বলেছেন তিনি। ইউক্রেনের ওপর সামরিক অভিযান অগ্রহণযোগ্য, তা-ও উল্লেখ করেছেন। কিন্তু রাশিয়ার নামটি তিনি মুখে উচ্চারণ করেননি। ‘ধরি মাছ না ছুঁই পানি’ কূটনীতি হয়তো একেই বলে!

রাশিয়ার সঙ্গে মালয়েশিয়ার যেমন গভীর সম্পর্ক, তেমনি সম্পর্ক পশ্চিমাদের সঙ্গেও। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাহাথির মোহাম্মদের দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, তাঁর সরকার আশা করে, আলোচনার মধ্য দিয়ে রাশিয়া ও ইউক্রেন একটি শান্তিপূর্ণ জায়গায় পৌঁছাতে পারবে।

একই রকম বক্তব্য এসেছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের কণ্ঠেও, ইউক্রেনের অবস্থা খুবই ‘উদ্বেগজনক’। তাঁর প্রত্যাশা, ‘শান্তিপূর্ণ সমাধান’ আসবে। মালয়েশিয়া ও কম্বোডিয়া যা বলেছে, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এর কিছুটা ভাষাগত পরিবর্তন ছাড়া আর কিছু পাওয়া গেল না।

খারকিভে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি গোলা হামলা চালিয়েছে রুশ বাহিনী। সেন্ট্রাল খারকিভ, ১ মার্চ ২০২২
ছবি: রয়টার্স

রাশিয়ার আরেক ঘনিষ্ঠ বন্ধু ভিয়েতনাম। দীর্ঘ বছর ধরে রাশিয়ার অস্ত্রের অন্যতম বৃহৎ ক্রেতা পোশাকশিল্পে এগিয়ে থাকা দেশটি। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভিয়েতনাম সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ ঘটনার প্রতি ‘নিবিড় দৃষ্টি’ রাখছে। এ অবস্থায় উভয় পক্ষকেই ‘সংযত আচরণের অনুশীলন’ করতে হবে। আলোচনার প্রচেষ্টাকে জোরদার করতে হবে। জাতিসংঘ সনদের বিধিবিধান মেনে কূটনৈতিক প্রচেষ্টায় শান্তিপূর্ণ সমাধানের দিকে যেতে হবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এমন নিরপেক্ষতার ভান থাকলেও, রেডিও ফ্রি এশিয়া তাদের প্রতিবেদনে জানাচ্ছে, ভিয়েতনাম তার রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়ায় এ-বিষয়ক প্রতিবেদনে ইউক্রেনের প্রতিই সমালোচনামুখর থাকছে।

ক্রিমিয়ায় রাশিয়ার একটি সাঁজোয়া যানে বসে আছেন সেনারা
ফাইল ছবি: এএফপি

সবচেয়ে বিস্ময়কর হলো, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত ফিলিপাইনের নীরবতা। মুখরা প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মুখে কুলুপ এঁটে রয়েছেন। তাঁর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কেবল ইউক্রেনে আটকে পড়া ১৮১ ফিলিপিনোকে নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য রয়েছে। রুশ অভিযানের বিষয়ে কিচ্ছুটি বলা হয়নি।
এখন অবধি উল্লেখযোগ্য কোনো মন্তব্য করেনি ছোট দেশ লাউস ও ব্রুনেইও। প্রভাব-প্রতিপত্তি কম থাকলে ছোট দেশগুলোর সাধারণত নীরবতার নীতি গ্রহণ করা ছাড়া বিকল্প কিছু থাকে না।

রাজনৈতিক ভাষ্যকারেরা বলছেন, ভৌগোলিকভাবে রাশিয়া ও ইউক্রেন থেকে অনেক দূরত্বে রয়েছে আসিয়ান দেশগুলো। ওই সংকটের সঙ্গে সরাসরি তাদের স্বার্থ জড়িত নেই। এ কারণেই তাদের এমন মাঝামাঝি অবস্থান। যদিও যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক সংকটের আঁচ সব দেশের গায়েই কমবেশি লাগার কথা।

আর রাশিয়া একটি বৃহৎ শক্তি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। কোনো কোনো আসিয়ান দেশের অস্ত্র ক্রয়ের প্রধান উৎস দেশটি। স্নায়ুযুদ্ধের সময় থেকেই রাশিয়ার সঙ্গে তাদের অনেকেরই ঐতিহাসিক সম্পর্ক। তাই শুধু শুধু রাশিয়াকে চটানোর কোনো কারণ দেখছে না দেশগুলো।

হামলা শুরুর কয়েকদিন আগে থেকে ইউক্রেন সীমান্তে লাখো সেনার সমাবেশ ঘটায় মস্কো
ফাইল ছবি: রয়টার্স

তবে আসিয়ান দেশগুলোর বিবৃতির ভাষায় সামনের দিনগুলোতে পরিবর্তন আসবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, শেষ পর্যন্ত যদি ন্যাটো সরাসরি যুক্ত হয়ে পড়ে, তখন হয়তো কোনো কোনো দেশকে বর্তমানের ‘দুই নৌকায় পা দেওয়া’ অবস্থান থেকে বেরিয়ে এসে একটা পক্ষ নিতেই হবে। ‘ভালো মানুষ’ সেজে নিরপেক্ষ থাকা চলবে না।


ই-মেইল: [email protected]