ইউক্রেনে জেনারেলের মৃত্যুর খবর নিশ্চিত করল মস্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের বুচা শহরে রাশিয়ার বিধ্বস্ত সাঁজোয়া যান ও ট্যাংকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ইউক্রেনের সেনারা
ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এক সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে মস্কো। ওই সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ভ্লাদিমির ফ্রোলভ। তিনি রাশিয়ার সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, ভ্লাদিমির ফ্রোলভের মৃত্যুর খবর নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের গভর্নর আলেক্সান্দার বেগলভ।

বিবৃতিতে গভর্নর বেগলভ বলেন, যুদ্ধে ভ্লাদিমির ফ্রোলভের ‘নায়কের মতো’ মৃত্যু হয়েছে। তাঁকে সেন্ট পিটার্সবার্গ শহরে সমাহিত করা হয়েছে। তবে কোথায় ও কবে এই কর্মকর্তার মৃত্যু হয়েছে, তা উল্লেখ করেননি তিনি।

রাশিয়ার গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ইউক্রেনের মারিউপোল শহরে কয়েক সপ্তাহ ধরে দেশটির সেনাদের সঙ্গে লড়ছেন রাশিয়ার সেনারা। তাঁদের মধ্যে ফ্রোলভের নেতৃত্বাধীন অষ্টম সেনাবাহিনীর সেনারাও রয়েছেন।

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর দেশটির সেনাবাহিনীর বেশ কয়েকজন জেনারেল ও শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করে আসছে ইউক্রেন।

এদিকে ইউক্রেনে চলমান যুদ্ধে দেশটির ২৩ হাজার ৩৬৭ জন সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। গতকাল শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভের বরাত দিয়ে এ তথ্য জানায় স্পুতনিক নিউজ।

ইগর কোনাশেঙ্কভের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার অভিযানে এখন পর্যন্ত ইউক্রেনের ১৩৪টি উড়োজাহাজ, ৪৬০ ড্রোন (চালকবিহীন বিমান), ২৪৬ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ২ হাজার ২৬৯ ট্যাংক ও অন্যান্য সামরিক যান, ২৫২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা, ৯৮৭ কামান ও মর্টার এবং ২ হাজার ১৫৮টি বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে।