বিশ্বের অন্যতম বৃহত্তম ও শক্তিশালী সশস্ত্র বাহিনী রাশিয়ার। এরপরও ইউক্রেনে হামলা শুরুর প্রায় এক মাসের মাথায় এসে কাঙ্ক্ষিত ফল অর্জন থেকে অনেকটাই পিছিয়ে রুশ বাহিনী। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর এমন ভূমিকা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের অনেককেই অবাক করেছে। তাঁদের অনেকেই একে ‘হতাশাজনক’ বলছেন।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) গত সপ্তাহে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘ইউক্রেনে লক্ষ্য অর্জনে রাশিয়ার ব্যর্থতা সুস্পষ্ট হয়েছে। দিন শেষে তাদের অর্জন নেই বললেই চলে।’ এ পরিস্থিতিতে বিশ্বের অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী কেন ইউক্রেনে লক্ষ্য অর্জনে পিছিয়ে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ন্যাটো তথা পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা এর পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছেন।
পূর্বানুমানে ভ্রান্তি
ইউক্রেনের বার্ষিক প্রতিরক্ষা বাজেটের আকার ৪০০ কোটি ডলার। চলমান যুদ্ধে দেশটি তুলনামূলক ছোট অস্ত্র ব্যবহার করে রুশ বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করছে। অন্যদিকে রাশিয়ার সামরিক বাজেটের আকার বছরে ছয় হাজার কোটি ডলারের বেশি। যুদ্ধের শুরুর দিকে বিশাল রুশ বাহিনী ইউক্রেনের সক্ষমতাকে উপেক্ষা করেছে। নিজেদের বড় করে দেখেছে। রুশ সমর বিশেষজ্ঞ, এমনকি অনেক পশ্চিমা বিশ্লেষকের ধারণা ছিল, হামলা শুরুর কয়েক দিনের মধ্যেই ইউক্রেন দখল করে নিতে পারবে রাশিয়া। কিন্তু বাস্তবে তা হয়নি।
যুক্তরাজ্যের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করে বিবিসিকে বলেন, বিগত বছরগুলোয় রাশিয়া তার সামরিক ব্যয়ের বেশির ভাগ পারমাণবিক সক্ষমতা অর্জন, উন্নয়ন ও পরীক্ষায় খরচ করেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটিয়েছে তারা। বিশ্বের সর্বাধুনিক ট্যাংক টি–১৪ আরমাতা তৈরি করেছে। তবে ইউক্রেন যুদ্ধে এসবের ব্যবহার করা হয়নি। বাস্তবে ব্যবহৃত হচ্ছে পুরোনো টি–৭২ ট্যাংক ও রকেট লঞ্চার।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে লক্ষ্য অর্জনে গতি হারিয়েছেন। তারা সেখানে আটকা পড়েছে। ধীরে এগোচ্ছে। তবে দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা ঘটছে।
যুদ্ধ শুরুর দিকে আকাশপথে হামলা পরিচালনায় ভালো অবস্থানে ছিল রাশিয়া। তবে বিশ্লেষকদের ধারণা ভুল প্রমাণ করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অনেক হামলা প্রতিহত করে দিতে সফল হয়েছে। রাশিয়া মনে করেছিল, তাদের বিশেষ বাহিনী যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। দ্রুত এক জায়গা থেকে অন্যত্র যেতে পারবে। তবে ইউক্রেন যুদ্ধে সড়কপথ ব্যবহার করায় সেনা ও রসদ সরবরাহে রুশ বাহিনীর অনেক সময় লেগেছে। অনেক স্থানে ধীরগতির রুশ সেনাবহর ইউক্রেনের সরকারি সেনাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কাদায় আটকে থাকা ও ধ্বংসপ্রাপ্ত রুশ সামরিক বাহনের ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে লক্ষ্য অর্জনে গতি হারিয়েছেন। তারা সেখানে আটকা পড়েছে। ধীরে এগোচ্ছে। তবে দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা ঘটছে।’
মনোবলে ঘাটতি
রাশিয়া প্রায় ১ লাখ ৯০ হাজার সেনা নিয়ে ইউক্রেনে যুদ্ধে জড়িয়েছে। বিবিসির প্রতিবেদনের তথ্য, এর মধ্য ১০ শতাংশ সেনা হারিয়েছে দেশটি। যদিও এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করার সুযোগ নেই। তবে ইউক্রেনের দাবি, ১৪ হাজার রুশ সেনা যুদ্ধে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, এ সংখ্যা অর্ধেক হতে পারে।
এর ফলে যুদ্ধরত রুশ সেনারা মনোবল হারাতে শুরু করেছেন বলে অভিমত পশ্চিমা সমরবিদদের অনেকের। তাঁদের মতে, রাশিয়ার সেনাদের মনোবল বেশ দুর্বল। তীব্র শীত আর চূড়ান্ত লক্ষ্য অর্জনে সময় লাগায় রুশ সেনারা ক্লান্ত হয়ে পড়েছেন। যুদ্ধক্ষেত্রে সেনাদের মনোবল ধরে রাখতে ও ক্ষয়ক্ষতি সামাল দিতে অতিরিক্ত সেনা মোতায়েন করছে রাশিয়া। এ ছাড়া দেশটির হয়ে ইউক্রেনে সিরিয়া থেকে বিদেশি সেনারা লড়াইয়ে অংশ নিতে পারেন। ন্যাটোর ওই জ্যেষ্ঠ কর্মকর্তার (নাম প্রকাশে অনিচ্ছুক) মতে, রাশিয়া এ ক্ষেত্রে খুবই ‘অপ্রত্যাশিত’ ভূমিকা নিয়েছে।
অস্ত্র ও রসদসংকট
ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখে যাওয়া রাশিয়ার বিশাল সেনাবহর জ্বালানি ও খাদ্যসংকটে পড়েছে, এমন তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। রসদসংকটে ওই বহর পথে আটকে ছিল। রুশ বাহিনীর অনেক ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। পরিত্যক্ত রুশ ট্যাংক ট্রাক্টর দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন একজন ইউক্রেনিয়ান—এ ছবিও আমরা দেখেছি। পশ্চিমা বিশ্লেষকদের মত, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া যেসব অর্জনের দাবি করছে, বাস্তব পরিস্থিতি ততটা সফলতার নয়।
তাঁদের মতে, ইউক্রেনে রুশ বাহিনীর অস্ত্রভান্ডার ক্রমেই ফুরিয়ে আসছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যে ৮৫০ থেকে ৯০০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে। এখন অস্ত্রভান্ডারে টান পড়ায় চীনের কাছে সহায়তা চেয়েছে মস্কো—এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের। ওয়াশিংটন কোনোভাবেই চায় না, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্রসহায়তায় এগিয়ে আসুক বেইজিং।
বসে নেই পশ্চিমারাও। ইউক্রেনকে অতিরিক্ত ৮০ কোটি ডলারের প্রতিরক্ষা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় কিয়েভকে ছোট আকারের ‘কামিকাজে’ ড্রোন সরবরাহ করা হতে পারে। ছোট ব্যাগে বহনযোগ্য যুক্তরাষ্ট্রের তৈরি এসব ড্রোন বিস্ফোরক নিয়ে ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। ইউক্রেনকে সহায়তা হিসেবে দেওয়া হতে পারে ছোট আকারের ও বহনযোগ্য ট্যাংক ও বিমান–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, এমনকি যুদ্ধবিমানও।
তবে পশ্চিমা বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাস করেন, সামরিক হামলা চালিয়ে ইউক্রেনকে পরাস্ত করতে পারে রাশিয়া। যদিও পুতিন ইউক্রেন দখলের ইচ্ছা মস্কোর নেই বলে বারবার জানিয়েছেন। এরপরও সামনের দিনগুলোয় পুতিন ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা আরও জোরদার করতে পারেন। বাড়তে পারে হতাহতের সংখ্যা।