ইউক্রেনে রুশ 'উসকানি'র বিরুদ্ধে মার্কিন হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের বিরুদ্ধে ‘অত্যন্ত বিপজ্জনক ও উসকানিমূলক’ তৎপরতা চালানোর ব্যাপারে রাশিয়াকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের ভূখণ্ডে রুশ সামরিক যান ধ্বংস করার খবরের পর এ হুঁশিয়ারি এল। এদিকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন, পূর্ব ইউক্রেনের উদ্দেশ্যে পাঠানো রুশ ত্রাণের বহরে কোনো সেনাসদস্য নেই। খবর এএফপি ও বিবিসির।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ক্যাটলিন হেইডেন গত শুক্রবার ওয়াশিংটনে বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনকে ‘অস্থিতিশীল করার’ রুশ তৎপরতা আরও বেড়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এ ধরনের তৎপরতা অত্যন্ত বিপজ্জনক ও উসকানিমূলক।... ইউক্রেন সরকারের অনুমতি ছাড়া সে দেশে কোনো অবস্থাতেই কোনো প্রকার যানবাহন, মানুষ বা মালপত্র পাঠানোর কোনো অধিকার রাশিয়ার নেই।’
তবে গতকাল রাশিয়ায় নিযুক্ত আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রতিনিধি প্যাসকল কাত্তাত বলেন, রাশিয়া ও ইউক্রেন এদিন ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করে দেশটিতে রুশ মানবিক ত্রাণের চালান পাঠানোর অনুমতি নিয়ে একটি প্রক্রিয়ার বিষয়ে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘ত্রাণবাহী চালানের উপকরণ ও এ-সংক্রান্ত প্রস্তুতির তদারকি নিয়ে দুই দেশের সরকার মতৈক্যে পৌঁছেছে।’
রাশিয়া গত বৃহস্পতিবার ২০টির মতো সামরিক যান ইউক্রেনের অভ্যন্তরে পাঠিয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়। ন্যাটো বাহিনীর প্রধান অ্যান্ডারস ফগ রাসমুসেনও এ খবর সমর্থন করেছেন। ইউক্রেনে রুশ সামরিক যানের বহরের অনুপ্রবেশের বিষয়ে ব্রিটিশ গণমাধ্যমের খবরের প্রসঙ্গ তুলে ন্যাটোর মহাসচিব রাসমুসেন বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, রাশিয়া থেকে অস্ত্র ও যোদ্ধারা অব্যাহতভাবে পূর্ব ইউক্রেনে প্রবেশ করছে। ওই খবর এ বিষয়টিকেই নিশ্চিত করেছে।’ ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তারা ওই রুশ সামরিক যানের বহরের একটা অংশ ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে রুশ প্রতিরক্ষা দপ্তর ইউক্রেনে সামরিক যান পাঠানোর অভিযোগ নাকচ করে দিয়েছে।
এদিকে পূর্ব ইউক্রেনে সংঘাতপূর্ণ এলাকায় ত্রাণ নিয়ে যাওয়া ট্রাকের বহরে কোনো রুশ সেনাসদস্য নেই বলে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলকে নিশ্চয়তা দিয়েছেন। ত্রাণ পাঠানোর আড়ালে রাশিয়া রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সামরিক সহায়তা পাঠাচ্ছে বলে ইউক্রেন সরকার সন্দেহ করছে।