ইউক্রেনে সামরিক শাসন জারির আহ্বান প্রেসিডেন্টের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে সামরিক শাসন জারির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বৃহস্পতিবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলে রুশ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পর জেলেনস্কি এ আহ্বান জানান।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের প্রেসিডেন্ট দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদকে সামরিক শাসন জারির ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জেলেনস্কির সামরিক শাসন জারির আহ্বানের পর নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদ বিষয়টি নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

রাশিয়ার হামলা শুরুর আশঙ্কার মধ্যে গতকাল বুধবার ইউক্রেনে জরুরি অবস্থা জারি করা হয়। এক মাসের এ জরুরি অবস্থা চলাকালীন সরকার কারফিউ জারি করা ছাড়া প্রতিরক্ষাসংক্রান্ত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা পেয়েছে।

এদিকে পুতিনের সামরিক অভিযান শুরুর নির্দেশের পরই বৃহস্পতিবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনে আরও দুটি স্থানে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া ভাষণে ইউরোপে যেকোনো দিন রাশিয়া বড় ধরনের একটি যুদ্ধ শুরু করতে পারে বলে সতর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার নাগরিকদের এ যুদ্ধের বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, রাশিয়া হামলা করলে তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের সীমান্তে রাশিয়া প্রায় দুই লাখ সেনা ও হাজার হাজার সামরিক যানবাহন মোতায়েন করে ফেলেছে।