ইউক্রেনে সামরিক সাহায্য দ্বিগুণ করছে ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: রয়টার্স

ইউক্রেনের সামরিক বাহিনীর সহায়তা দ্বিগুণ করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ভোট দেবেন আজ শুক্রবার। এই বিলটি পাস হলে এক শ কোটি মার্কিন ডলারের বেশি অর্থসাহায্য পাবে দেশটি। খবর সিএনএনের।

ইউক্রেন ইস্যুতে ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী ভার্সাই শহরে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশের নেতারা। গতকাল বৃহস্পতিবার থেকে এই সম্মেলন শুরু হয়েছে। আজ সম্মেলনের দ্বিতীয় দিন। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, ‘সবাই জানেন রাশিয়ার ওপর চাপ বাড়াতে ইউক্রেনে আমাদের সামরিক সাহায্য বাড়াতে হবে।’ এই সাহায্য বাড়াতে নেতারা সম্মত হলে ইউক্রেনকে অতিরিক্ত ৫৫ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোসেফ বোরেল। এই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই সাহায্য বাড়ানোর ক্ষেত্রে ইইউর নেতাদের রাজি করানো কঠিন হবে না। ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি থেকে এই অর্থ দেওয়া হবে। তিনি বলেন, তিনি এটা নিশ্চিত যে ইইউর নেতারা এই প্রস্তাব পাস করবেন।

বোরেল বলেন, জরুরি ভিত্তিতে ইউক্রেনকে এই অর্থ দেওয়া হবে। দ্রুত অর্থ সরবরাহ শুরু করাও জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

এর আগে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর ২৮ ফেব্রুয়ারি বৈঠকে বসেন ইইউর নেতারা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, ইউক্রেনের সামরিক বাহিনীকে সাহায্য করা হবে। তাদের প্রাণঘাতী অস্ত্রও দেওয়া হবে। ওই দিনের বৈঠকের মধ্যে প্রথমবারের মতো কোনো দেশকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় ইইউ।