ইউক্রেনে সোভিয়েত যুগের বিমান পাঠাতে পোল্যান্ডের সঙ্গে চুক্তি চাইছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
ছবি: রয়টার্স

ইউক্রেনে সোভিয়েত যুগের বিমান সরবরাহ করতে পোল্যান্ডের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় মার্কিন এফ-সিক্সটিন যুদ্ধবিমানের বিনিময়ে ইউক্রেনকে সোভিয়েত যুগের বিমান সরবরাহের জন্য পোল্যান্ডকে প্রস্তাব দেওয়া হবে। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় গতকাল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিন শতাধিক মার্কিন আইনপ্রণেতার সঙ্গে অনলাইন বৈঠক করেন। তখন জেলেনস্কি বলেন, তাঁর দেশের জন্য জরুরিভাবে আরও বেশি বিমান প্রয়োজন।

এরপর মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এ ইস্যুতে পোল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। ন্যাটোর অন্য সদস্যদের কাছ থেকেও পরামর্শ নিচ্ছি আমরা।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পাইলটদের জন্য রাশিয়ার তৈরি বিমান জরুরি বলে মনে করা হচ্ছে। কারণ, তাঁদের মূলত এসব বিমান চালানোর মতো করেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র চায়, পোল্যান্ড কর্তৃপক্ষ ইউক্রেনে সোভিয়েত যুগের বিমান সরবরাহ করুক। আর বিনিময়ে পোল্যান্ডকে এফ-সিক্সটিন যুদ্ধবিমান দেবে ওয়াশিংটন।

হোয়াইট হাউস বলেছে, শনিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তখন তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে নিরাপত্তা, মানবিক ও অর্থনৈতিক সহায়তা জোরদার করবে। অতিরিক্ত তহবিল সরবরাহ নিশ্চিত করতে কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।