ইউক্রেনে স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রে হামলা, নিহত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের মেরেফা শহরে রুশ বাহিনীর হামলায় একটি স্কুল ভবন ধ্বংস হয়ে গেছে।
ছবি: রয়টার্স

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মেরেফা শহরে একটি স্কুল ও একটি সাংস্কৃতিক কেন্দ্রে রুশ বাহিনীর হামলায় ২১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। খবর এএফপির।

গতকাল বৃহস্পতিবার মেরেফার ওই স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রে রুশ বাহিনীর গোলাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন কৌঁসুলি।

আঞ্চলিক কৌঁসুলিদের দেওয়া এক ফেসবুক পোস্ট অনুযায়ী, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের অদূরে ছোট শহর মেরেফায় বৃহস্পতিবার সকালের দিকে একটি স্কুল ও একটি সাংস্কৃতিক কেন্দ্রে রুশ বাহিনী গোলাবর্ষণ করেন। এতে ২১ জন নিহত হন। আহতদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তাঁরা।

মেরেফায় রুশ বাহিনীর হামলা ও তাতে হতাহতের খবর জানিয়ে কৌঁসুলিরা ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, একটি বহুতল ভবন মাঝখানে ভেঙে গেছে। গোলার আঘাতে ভবনের জানালাগুলোও উড়ে গেছে। ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে দেশটির জরুরি সেবা বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

মেরেফা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভে গত তিন সপ্তাহ ধরে রুশ বাহিনী বিমান হামলা চালাচ্ছে। এতে শহরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।