একদিকে খনন, অন্যদিকে ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের সরকারি বাহিনী সংঘাতপূর্ণ পূর্বাঞ্চল থেকে ১০ রুশ সেনাসদস্যকে আটক করেছে। তাঁরা ‘ভুলক্রমে’ ইউক্রেনে ঢোকেন বলে দাবি করেছে রাশিয়া। এ নিয়ে উত্তেজনার মধ্যেই গতকাল মঙ্গলবার বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। খবর এএফপি ও বিবিসির।
ইউক্রেনের নিরাপত্তা বাহিনী গত সোমবার জানায়, তারা দেশের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি দোনেৎস্ক এলাকার ৩০ মাইল দূর থেকে ওই ১০ রুশ সেনাসদস্যকে আটক করেছে। ইউক্রেনের টিভি চ্যানেলে গতকাল সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, আটক রুশ সেনাসদস্যরা স্বীকার করছেন, তাঁরা সাঁজোয়া যানে করে দেশটির ভেতরে ঢোকেন।
ইউক্রেন অভিযোগ করে আসছে, পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদকে মস্কোই মদদ দিচ্ছে এবং রুশ সেনাসদস্যরাও ইউক্রেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়ছেন। তবে এই প্রথম তারা রুশ সেনা আটকের দাবি করল। মস্কো বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। গতকাল রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ওই সেনাসদস্যরা মূলত সীমান্তে টহলের দায়িত্বে ছিলেন। সম্ভবত তাঁরা একটি অচিহ্নিত এলাকা দিয়ে ভুলক্রমে ইউক্রেনে ঢুকে পড়েন।
সম্প্রতি পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ত্রাণবাহী বেশ কিছু ট্রাক পাঠায় রাশিয়া। তখন সীমান্ত পেরিয়ে কিছু সাঁজোয়া যানও ইউক্রেনে ঢুকে পড়ে বলে অভিযোগ ওঠে।
পার্লামেন্ট বিলুপ্ত: ইউক্রেনের পার্লামেন্ট বিলুপ্ত করে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। আগামী ২৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি গতকাল ঘোষণা দেন। তিনি বলেন, বিলুপ্ত করে দেওয়া পার্লামেন্টের অনেক সদস্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সমর্থক। কিন্তু ইউক্রেনের বেশির ভাগ মানুষ এখন নতুন পার্লামেন্ট চায়। আর পার্লামেন্টের এ বিলোপ সাধন সংবিধান মেনেই করা হয়েছে।