ইউক্রেনে ৭২৬ বেসামরিক মানুষ নিহত: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে হামলা জোরদার করেছে রুশ বাহিনী
ছবি: রয়টার্স

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত সাত শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে অর্ধশতাধিক শিশু। জাতিসংঘ পলিটিক্যাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদে এ হিসাব দেন। তবে প্রকৃত নিহতের সংখ্যা বেশি বলেই ধারণা। খবর বিবিসির।

রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদে বলেন, ‘ইউক্রেনে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত ভবন আর আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত নয়তো ধ্বংস হয়েছে।’

তিনি বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ইউক্রেনে ৫২ শিশুসহ ৭২৬ জন বেসামরিক মানুষ নিহতের কথা নিশ্চিত হয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা।

বেসামরিক হতাহতের ঘটনায় নির্দিষ্ট কোনো পক্ষকে দায়ী না করলেও ডিকার্লো বলেছেন, ‘এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রুশ বাহিনীর প্রায় ১৪ হাজার সেনা নিহত হয়েছেন।

তবে যুদ্ধ শুরুর পর মাত্র একবার ইউক্রেনে সেনা হতাহতের হিসাব দিয়েছে রাশিয়া। ২ মার্চ রুশ কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনে রাশিয়ার ৪৯৮ সেনা নিহত হয়েছেন।

এদিকে বৃহস্পতিবার জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের এক মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে কমপক্ষে পাঁচ হাজার শিশুর জন্ম হয়েছে।