ইউক্রেনের জন্য সাহায্য নিয়ে পোল্যান্ডের পথে ক্যামেরুন
ইউক্রেনের জন্য একটি গাড়িতে বিভিন্ন সাহায্যসামগ্রী নিয়ে এখন পোল্যান্ডের পথে রয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন।বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
গত দুই বছর ধরে চিপি লারডার নামে একটি সংগঠনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন ডেভিড ক্যামেরুন। সংগঠনটির মাধ্যমে সংগ্রহ করা কাপড়, শিশুর পরিধেয় তোয়ালে ও চিকিৎসাসামগ্রী পোল্যান্ডে ব্রিটিশ রেডক্রসের কাছে পৌঁছে দিতেই নিজে গাড়ি চালিয়ে রওনা দিয়েছেন ক্যামেরুন।
টুইটারে একটি ছবি পোস্ট করে ক্যামেরুন লিখেছেন, ‘আমি এখন গাড়ি চালিয়ে পোল্যান্ড যাচ্ছি। আমার সঙ্গে আছেন চিপি লারডারের দুজন সহকর্মী। আমাদের সংগ্রহ করা সাহায্যসামগ্রী রেডক্রসের কাছে পৌঁছে দিতেই পোল্যান্ড যাচ্ছি। এটা খুবই দীর্ঘ এক যাত্রাপথ হতে যাচ্ছে। যাত্রাপথের হালনাগাদ আপনাদের জানাব।’
প্রতিবেশী ইউক্রেনের জরুরি প্রয়োজনে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ওয়েস্ট অক্সফোর্ডশায়ার তথা ব্রিটেনের মানুষকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত ব্রিটিশদের কাছ থেকে পাওয়া সাহায্যকে স্বাগত জানিয়ে বলেন, সাহায্যসামগ্রীর চেয়ে আমাদের অর্থের প্রয়োজন বেশি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী লন্ডনে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, ‘কথা খুব স্পষ্ট। ব্যাগে করে সাহায্যসামগ্রীর বদলে পারলে আমাদের জন্য কিছু পাউন্ড পাঠান।’